রংপুর, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের দুই নেতার ওপর হামলার পর রংপুর মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে সরকার সমর্থক সংগঠনটি।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ডা. মুক্তা ছাত্রাবাসে সন্ত্রাসী হামলায় আহত হন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আশফাকুল হক খন্দকার পুলক ও সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসাইন।
ঘুমিয়ে থাকা দুজনকেই এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয় বলে পুলিশ ও ছাত্রলীগ নেতারা জানিয়েছেন। দুজনকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরপরই হামলাকারীদের গ্রেপ্তার এবং কলেজের অধ্যক্ষ আবদুর রউফের অপসারণ দাবিতে ধর্মঘট ডাকে ছাত্রলীগ। তারা ক্যাম্পাসে মিছিল কলেজের প্রধান ফটক তালা ঝুলিয়ে দেওয়ায় কোনো ক্লাস হয়নি।
এদিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানিয়েছেন, এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
ছাত্রলীগের কলেজ শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার সাংবাদিকদের বলেন, "আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।"
হামলার জন্য বিএনপি সমর্থক ছাত্রদলকে দায়ী করেছেন তিনি।
ছাত্রলীগের নেতাদের অভিযোগ, সাধারণ ছাত্র ছাত্রী ও ছাত্রলীগের বিরোধিতা সত্ত্বেও ছাত্রদলকে কলেজ ক্যাম্পাসে উন্মুক্ত কনসার্টের অনুমতি দেন অধ্যক্ষ। পরে ছাত্রলীগের চাপের মুখে কনসার্ট বাতিল হওয়ায় ছাত্রদলের সশস্ত্র কর্মীরা পুলকসহ ছাত্রলীগের বিভিন্ন নেতাদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলো।
আহতদের সহপাঠীরা জানায়, পুলক ও সোহাগ ছাত্রাবাসের ৪৬ নম্বর কক্ষে ঘুমিয়ে ছিলো। ভোর সাড়ে ৪টার দিকে একদল মুখোশপরা অস্ত্রধারী তাদের কক্ষে ঢুকে পুলক ও সোহাগকে কুপিয়ে পালিয়ে যায়।
সাড়ে ১১টার দিকে কলেজের লেকচার থিয়েটার মিলনায়তনে ছাত্রলীগ রমেক শাখা সংবাদ সম্মেলন করে।
এতে সাধারণ সম্পাদক সঞ্জয় বলেন, ছাত্রদলের বহিরাগত সন্ত্রাসীরা ছাত্রলীগ নেতাদের হুমকি দিয়ে আসছিলো। তারাই এ হামলা চালাতে পারে।
কলেজ ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিও জানান তিনি।
আহত পুলক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগে থেকেই ছাত্রদলের সন্ত্রাসীরা হুমকি দিয়ে আসছিলো। ভোরের দিকেই আমরা ঘুমাতে যাই। দরজা খোলাই ছিলো। মুখোশধারী দুষ্কৃতকারীরা প্রথমে ক্ষুর দিয়ে সোহাগকে আঘাত করে। এরপর আমার ওপরও হামলা চালায়।"
আহতদের দেখতে দুপরে হাসপাতালে যান রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি জাসেম বিন জুম্মনসহ অন্য নেতারা।
রেজাউল সাংবাদিকদের বলেন, কলেজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের বলা হয়েছে। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করেন তিনি।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মির্জা নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, এ ঘটনায় কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার অধ্যক্ষ ছুটি থেকে ফিরলে কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হবে বলে জানান তিনি।
ছাত্রলীগ নেতাদের ওপর হামলার পর ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি হায়দার আলী সাংবাদিকদের বলেন, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮৫৬ ঘ.
bdnews24