খুলনা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা জেলার ১৩০ বছরে পদার্পণের দিনটি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সোমবার 'খুলনা দিবস' হিসেবে পালিত হয়েছে।
১৮৮২ সালের ২৫ এপ্রিল খুলনা জেলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এর আগে খুলনা যশোরের একটি মহকুমা ছিলো।
খুলনা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮টায় নগরীর সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। নগরীর প্রধান প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যলয়ে তা শেষ হয়।
বেলুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।
এতে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক জমসের আহাম্মদ খন্দকার। প্রধান অতিথি ছিলেন মেয়র তালুকদার খালেক। বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, জেলা পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী। সভা পরিচালনা করেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আজমল আহমেদ তপন।
মেয়র তালুকদার খালেক বলেন, শিল্পনগরী খুলনার হৃত গৌরব পুনরুদ্ধারে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের জন্য বেশি বেশি ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১৫ ঘ.
bdnews24