বগুড়া, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় খোলা বাজারে বিক্রির (ওএমএস) ৭১ টন চাল একটি চালকল থেকে জব্দ করা হয়েছে।
র্যাব বলছে, বিক্রি নিষিদ্ধ এসব চাল কেনার অভিযোগে কল মালিক ইমরান হোসেন নাহিদকে (২৫) আটক করা হয়েছে।
সোমবার সকালে গাবতলী উপজেলার পীরগাছা বাজারের পাশে নাহিদের চালকলে এসব চাল পাওয়া যায় বলে র্যাব-১২ এর অধিনায়ক মেজর মোস্তফা ইকবাল সাংবাদিকদের জানিয়েছেন।
র্যাব ৫০ কেজির ১ হাজার ২৪ বস্তা এবং ৮৫ কেজির ২৪০ বস্তা চাল জব্দ করে। এর মধ্যে ৭১ দশমিক ২ মেট্রিক টন চাল রয়েছে, যার বাজার মূল্য ১৫ লাখ ৫০ হাজার টাকা।
র্যাব কর্মকর্তা মোস্তফা বলেন, "গোপন সূত্রে খবর পেয়ে নাহিদের চালকলে অভিযান চালিয়ে ওএমএসের এ চাল জব্দ করা হয়। এচাল বগুড়ার এক ওএমএস ডিলারের কাছ থেকে কিনে চট্টগ্রামে পাঠাচ্ছিলো নাহিদ।"
নাহিদের বাড়ি গাবতলীর কাগইল ইউনিয়নের মাঝিকোলা গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০০ ঘ.
bdnews24