২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আইসিটি পলিসির অন্তরে ডিজিটাল বাংলাদেশ নেই'

ভিশন ২০২১ বাস্তবায়নে সরকারের মন্ত্রণালয়গুলোর মধ্যেই সমন্বয়হীনতার অভিযোগ করেছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 07:48 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিশন ২০২১ বাস্তবায়নে সরকারের মন্ত্রণালয়গুলোর মধ্যেই সমন্বয়হীনতার অভিযোগ করেছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা স্কুল অব ইকনোমিকস ও বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত ৬ দিনের 'ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি: টুয়ার্ডস আ ডিজিটাল বাংলাদেশ' শীর্ষক সেমিনারে তিনি বলেন, "আইসিটি পলিসির অন্তরেই ডিজিটাল বাংলাদেশ নেই।" দর্শকদের প্রশ্নোত্তর পর্বে জব্বার বলেন, "আমরা একটি সমন্ব^য়হীনতার মধ্যে আছি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত এটুআই প্রোগাম এক রকম কাজ করে, আইসিটি মন্ত্রণালয় করে এক রকম; আর টেলিযোগাযোগ মন্ত্রণালয় করে অন্যরকম।" এই সমন্বয়হীনতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের ৪ হাজার ৫০১টি ইউনিয়ন পরিষদে স্থাপিত ইনফরমেশন সেন্টারগুলোর বেশিরভাগই কাজ করছে না। ব্যান্ডউইথের অভাব ও 'কনটেন্টের' অপ্রতুলতার কারণে অধিকাংশ সেন্টারই মুখ থুবড়ে পড়েছে। "এতোদিনে আমরা থ্রিজি নেটওয়ার্কের আওতায় যেতে পারতাম। অথচ এখন পর্যন্ত যে গতির ইন্টারনেট আছে, তাতে সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার কোনো উপায় নেই।" ডেভলপমেন্ট নেটওয়ার্কের সভাপতি ড. অনন্য রায়হান বলেন, "এটি (ডিজিটাল বাংলাদেশ) শুধু স্বপ্নচয়নের ব্যাপার নয়। এটি একটি আন্দোলন। তাই বেসরকারি পর্যায়ে যারা কাজ করছেন, তাদের যেন আমরা খাটো করে না দেখি।" ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের জরিপে বাংলাদেশের অবস্থান ১৩২তম অবস্থান থেকে ১১৮তে উঠে আসা প্রসঙ্গে তিনি বলেন, "এই কৃতিত্ব শুধু সরকারের নয়, সবার।" ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে অগ্রগতি প্রসঙ্গে অনন্য রায়হান জানান, বর্তমানে প্রতিদিন দেশের প্রায় ১৪ লাখ নারী-পুরুষ ইন্টারনেট ব্যবহার করেন। কিছুদিন আগ পর্যন্ত দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের গতিবিধি পর্ণোগ্রাফিতে সীমাবদ্ধ ছিলো। কিন্তু এখন তারা ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের দিকে ঝুঁকছেন। এ অগ্রগতিকে খুবই আশাব্যাঞ্জক হিসাবে উল্লেখ করেন তিনি। তবে মন্ত্রণালয়গুলোর সমন্বয়হীনতার বিষয়ে মোস্তফা জব্বারের সঙ্গে একমত পোষণ করেন অনন্য। তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান আলোচনায় অংশ নিয়ে আইসিটিতে দ্রুত দক্ষতা অর্জনের জন্য সরকারের মন্ত্রণালয়গুলোকে প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাবেক নির্বাহী পরিচালক ড. এ মোশাব্বির চৌধুরীর সভপতিত্বে অন্যদের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম নজরুল ইসলাম সেমিনারে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/০১৪৩ ঘ.