রংপুর, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাকা চুরির অভিযোগে রংপুরের পীরগাছা উপজেলায় এ মাদ্রাসা ছাত্রকে গাছে ঝুলিয়ে মারধরের অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে।
রোববার রাকিবুল ইসলাম (১০) নামের ওই শিশুটির মা সাংবাদিকদের এ ঘটনা জানান।
মঙ্গলবার নবদীগঞ্জ কলাবাড়ি গ্রামে আনোয়ারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও অভিযুক্ত প্রভাবশালী শিক্ষকারা তাকে বাড়ি চলে যেতে বাধ্য করেন বলে তার পরিবারের অভিযোগ। এছাড়া তাদের পরিবারের লোকজনকে ওই শিক্ষকরা অবরুদ্ধ করে রাখেন বলেও অভিযোগ করা হয়।
রাকিবুলের মা নুরন্নাহার বেগম বলেন, বাড়ির কাছে আনোয়ারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় ৪/৫ মাস আগে রাকিবুল ভর্তি হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে মাদ্রাসার এক ছাত্রের একশ' টাকা চুরির অভিযোগে ওই মাদ্রাসার দুই শিক্ষক আনোয়ার হোসেন ও মকবুল হোসেন তার ছেলেকে হাত-পা বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে লাঠি ও খড়ি দিয়ে মারধর করেন।
এক পর্যায়ে রাকিবুল জ্ঞান হারালে দুই শিক্ষক তাকে মারা গেছে মনে করে বস্তায় ভরে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে ফেলে রাখেন।
জ্ঞান ফিরে এলে তার চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।
রোববার সন্ধ্যায় ওই মাদ্রাসায় গিয়ে সেটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে শিক্ষক আনোয়ার হোসেন বলেন, "শিশুটি টাকা চুরি করেছে অভিযোগ পেয়ে আমরা তাকে গাছে ঝুলিয়ে মারধর করেছি। এখন শাসন করা না হলে বড় হয়ে সে শয়তান হবে।"
পীরগাছা থানার ওসি আসলাম ইকবাল বলেন, তিনি ঘটনাটি তিনি শুনেছেন। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২০ ঘ.
bdnews24