ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ি ও বংশালে দুটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, রোববার বিকাল সাড়ে চারটার দিকে যাত্রাবাড়ির ধোলাইপাড়ের নিজ ঘরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মাইনুদ্দিন মিতুল (১৭)। স্বজনরা তার ঝুলন্ত নিথর দেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে বলেন, মিতুল দুই মাস আগে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়। এর পর থেকেই তার কোমরে প্রচণ্ড ব্যথা হতো।
ব্যথা ও হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েনে।
এদিকে, পুরান ঢাকার আরমানিয়া টোলায় একটি নির্মাণাধীন ভবনের দোতলা থেকে পড়ে মিলন (২৮) নামে অপরজনের মৃত্যু হয়।
বংশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বিকাল তিনটার দিকে ওই ভবনের দ্বিতীয় তলার কার্নিশে বসে এসির লাইনে কাজ করার সময় নিচে পড়ে মারাত্মক আহত হন মিলন। ওই ভবনের লোকজন তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মিলনের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গাজারিয়ায়। বাবার নাম আসাদ ব্যাপারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১৩৫ ঘ.
bdnews24