চট্টগ্রাম, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কন্টেইনার ব্যবস্থাপনা এবং জাহাজ চলাচল তদারকিতে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হলে বন্দরের দক্ষতা অনেক বাড়বে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান।
চেয়ারম্যান কমডোর এম. আনোয়ারুল ইসলাম রোববার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে জানান, স্বয়ংক্রিয় পদ্ধতি (কন্টেইনার টার্মিনাল ম্যানেজম্যান্ট সিস্টেম-সিটিএমএস) মে মাসে চালু হবে।
বন্দরের ১২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মতনিমিয় সভার আয়োজন করা হয় বন্দর প্রশিক্ষণ কেন্দ্রে। ২৫ এপ্রিল বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকী।
বন্দর চেয়ারম্যান তার সূচনা বক্তব্যে বন্দরের অগ্রগতি ও উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি জানান, এ বছর বন্দরে জাহাজের গড় অবস্থানকাল ২ দশমিক ৪৮ দিন, কন্টেইনার অবস্থানকাল ১৬ দশমিক ৯৩ দিনে নেমে এসেছে। ২০১০ সালে কন্টেইনারের অবস্থান ছিল ১৭ দশমিক ১৩ দিন।
এছাড়া ২০০৯ সালে বন্দরে ২ হাজার ১৬৭টি জাহাজ আসলেও ২০১০ এ সংখ্যা দাঁড়ায় ২ হাজার ২৪৯। এ বছরের মার্চ পর্যন্ত এ সংখ্যা ৫৯০।
তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিন বছর আগে নির্মিত নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বেসরকারি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়া, কর্ণফুলী কন্টেইনার টার্মিনাল (কেসিটি) নির্মাণ, ক্যাপিটাল ড্রেজিং, বন্দরের স্বতন্ত্র বেতন-কাঠামো, জনবল সংকট, নিরাপত্তা ব্যবস্থা, যন্ত্রপাতি কেনা বিষয়ে বক্তব্য দেন।
নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরার সংখ্যা ১২৬টি থেকে বাড়িয়ে ৩৫০টি করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান বন্দর চেয়ারম্যান।
মতবিনিময়ে বন্দর সদস্য নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম শাহজাহান, আনোয়ারুল হক, উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম, পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল কামরুল ইসলাম, পরিচালক (পরিবহন) গোলাম সারোয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৮৮৭ সালের ২৫ এপ্রিল পোর্ট কমিশনারস অ্যাক্ট প্রণয়নের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ভিত্তি পায় এই বন্দর। পরের বছর একই সময়ে এই আইনের অধীনে বন্দরের কার্যক্রম শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০৫৫ ঘ.
bdnews24