ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাউল নিপীড়নের ঘটনার পর আদালতের রায়ের আলোকে কারো চুল কেটে দেওয়া, তওবা করতে বাধ্য করাসহ কয়েকটি শাস্তিযোগ্য বিষয়ে সতর্ক হতে বলেছে সরকার।
রোববার এক তথ্য বিবরণীতে বলা হয়, দেশের আইন অনুযায়ী, কারো চুল কেটে দেওয়া, জুতা মারা, আটকে রাখা, তওবা করতে বাধ্য করা বা এলাকা থেকে বহিস্কার করা শাস্তিযোগ্য অপরাধ।
রাজবাড়ীর পাংশায় বাউল নিপীড়নের ঘটনার পর আইনগত বিষয়ে সচেতনতার এই আহ্বান জানায় সরকার।
'জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে' রোববার এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, কেউ আদালতের বাইরে বিচার করলে সেটা হবে শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরাও অপরাধী হিসেবে চিহ্নিত হবে।
গত ৫ এপ্রিল রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চররামনগর গ্রামে জোর করে ২৮ বাউলের চুল ও গোঁফ কেটে দেওয়া হয়। স্থানীয় মসজিদে নিয়ে তাদের তওবাও পড়ানো হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, 'আদালতের বাইরে যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ কোনো বিচার করেন তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তি বা ব্যক্তিবর্গ অপরাধের সহায়তাকারী হিসেবে দায়ী হবেন।'
এতে বলা হয়, 'বাংলাদেশের আইন অনুসারে সুপ্রিম কোর্ট, ফৌজদারি কার্যবিধির অধীন প্রতিষ্ঠিত আদালত এবং বিশেষ আইনের অধীন গঠিত কোনো আদালতই কেবল কোনো অপরাধের বিচার করতে পারে। আইন দ্বারা প্রতিষ্ঠিত আদালত ও ট্রাইব্যুনালের মাধ্যমেই কেবল কোনো অপরাধের বিচার ও শাস্তি প্রদান করা যায়।'
কারো চুল কেটে দেয়া, জুতা মারা, আটকে রাখা, তওবা করতে বাধ্য করা ও গ্রাম হতে বহিস্কার করা শাস্তিযোগ্য অপরাধ বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।
এছাড়া মৃতদেহ সৎকারে বাধা দেওয়া, মৌখিক তালাক বৈধ ঘোষণা ও তা কার্যকর করাও অপরাধ।
তথ্য বিবরণীতে বলা হয়, 'সারা দেশে নারী ও পুরুষকে বেত্রাঘাত (দোররা মারা) ও প্রহারের মতো বিচার বহির্ভূত শাস্তি দেওয়া হচ্ছে যা, দণ্ডবিধির ৩২৩ ও ৩২৬ ধারায় অপরাধ। কোনো মহিলাকে হিল্লা বিয়েতে বাধ্য করাও দণ্ডবিধির ৫০৮ ধারা অনুসারে শাস্তিমূলক অপরাধ।'
প্রচলিত বিরোধ নিষ্পত্তি (গ্রাম্য সালিশ) বা বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয়গুলোও আইনের অধীনে হওয়া প্রয়োজন উল্লেখ করে এতে বলা হয়, এ ধরনের নিষ্পত্তির ক্ষেত্রে আইনে স্বীকৃত নয় এমন কোনো শাস্তি আরোপ করা যাবে না।
দেশের বিভিন্ন স্থানে আইন বহির্ভূত বিচার ও শাস্তি প্রসঙ্গে ২০১০ সালের ৮ জুলাই ও ২০১১ সালের ২ ফেব্র"য়ারি দেওয়া হাইকোর্টের রায়ের আলোকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এসব তথ্য জানানো হচ্ছে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএম/জেকে/পিডি/২০২২ ঘ.
bdnews24