ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ড. মুহাম্মদ ইউনূসের বিষয়টি জানতে বিশেষ দূত পাঠিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি।
দূত মার্টিন হির্শকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ইউনূস বিষয়ে সরকার হস্তক্ষেপ করেনি।
অনুমোদন ছাড়া গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পদে থাকার কারণ দেখিয়ে গত ২ মার্চ ইউনূসকে ওই পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে ইউনূস নিজে এবং গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদ হাইকোর্ট ও আপিল বিভাগে গেলেও আদালত কেন্দ্রীয় ব্যাংকের আদেশকে বৈধ বলে রায় দেয়। আপিল বিভাগের রায় প্রত্যাহারে চলতি মাসে করা ইউনূসের আবেদনের শুনানি ২ মে পর্যন্ত মুলতবি রয়েছে।
হির্শ শনিবার দীপু মনির সঙ্গে দেখা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনূস এবং চলতি বছর ফ্রান্সে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলন নিয়ে তারা আলোচনা করেন।
তিনি জানান, গ্রামীণ ব্যাংক ও ইউনূসে কিছু বিষয়ের পূর্ণাঙ্গ পর্যালোচনায় সরকার একটি স্বাধীন ও নিরপেক্ষ পর্যালোচনা কমিটি করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছুদিনের মধ্যে পর্যালোচনা কমিটির প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় রয়েছে সরকার।
দীপু মনি বিশেষ দূত মার্টিন হির্শকে জানান, ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে অব্যাহতি দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া এক আদেশের বৈধতা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেন ইউনূস।
"তিনি আইন অনুযায়ী রায় পেয়েছেন।"
গতমাসে বাংলাদেশ সফরে এসে ইউনূস বিষয়ে বাংলাদেশকে সতর্ক করেন আমেরিকার দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও. ব্লেইক। তিনি বলেন, ইউনূস বিষয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছানো না গেলে তা বাংলাদেশ ও আমেরিকার সম্পর্কে প্রভাব ফেলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/১৯২১ ঘ.
bdnews24