ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার তদন্ত প্রতিবেদন আংশিক বাতিল চেয়ে খোন্দকার ইব্রাহিম খালেদসহ তদন্ত কমিটির সদস্যদের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ-থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।
তদন্ত প্রতিবেদনের যতটুকু বিডি থাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য ততটুকু পর্যন্ত প্রতিবেদনটি মিথ্যা, উদ্দেশ্যমূলক ও অকার্যকর ঘোষণায় আদালতের প্রতি আবেদন জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মামলায় ইব্রাহিম খালেদ ছাড়া নাম উল্লেখ করা অন্য তিন বিবাদি হলেন- চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশের সভাপতি মো, আবদুল বারি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজেমেন্টের পরিচালক তৌফিক আহমেদ চৌধুরী, ব্যরিস্টার নিহাদ কবির।
মামলায় তদন্ত কমিটির চার সদস্য ছাড়াও নাম উল্লেখ না করে আরো চারজনকে মোকাবেলা বিবাদি করা হয়েছে।
এরা হলেন- সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ বিভাগের মহাব্যবস্থাপক, সিটি ব্যাংক (এনএ) এর ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহীকে (সিইও)।
বাংলাদেশ-থাই অ্যালুমিনিয়ামের পক্ষে তাদের আইন কর্মকর্তা আব্দুস সেলিম মিয়া রোববার ঢাকার দ্বিতীয় সহকারী জজ আদালতে মামলাটি করেন।
বিচারক মো. আফতাবুজ্জামান আগামী ১২ জুন বিবাদিদের হাজির হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।
গত ডিসেম্বর-জানুয়ারিতে পুঁজিবাজারে রেকর্ড ধসের পর ইব্রাহিম খালেদকে প্রধান করে একটি তদন্ত কমিটি করে সরকার। গত ৭ এপ্রিল সরকারকে কাছে দেওয়া ইব্রাহিম খালেদ নেতৃত্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে বাংলাদেশ-থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তুলে ধরা হয়।
প্রতিষ্ঠানটি প্রতিবেদনের ওই অংশই বাতিল ঘোষণা করতে আদালতের দ্বারস্থ হয়েছে।
মামলায় যা বলা হয়েছে
শেয়ারবাজার তদন্ত কমিটির চেয়ারম্যান ও অন্যান্য বিবাদিরা গত ৭ এপ্রিল তদন্ত প্রতিবেদন অর্থমন্ত্রীকে দেন। ওই প্রতিবেদন দাখিলের পর ইব্রাহিম খালেদ গণমাধ্যমে বলেন- "আমরা জেম গ্লোবালের যোগসাজসে বাংলাদেশ-থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ১৫ কোটি টাকা পাচার বা হস্তান্তরের প্রমাণ পেয়েছি।"
"এতে বাদির প্রতিষ্ঠানের ব্যবসা ও সম্মান ক্ষতি হয়েছে।"
বিবাদিরা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের সঠিক তথ্য যাচাই না করে এবং বাংলাদেশ-থাই অ্যালুমিনিয়াম কর্তৃপক্ষের কোন বক্তব্য না শুনে একতরফাভাবে প্রতিবেদন দাখিল করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
মামলায় আরো বলা হয়, "অর্থ মন্ত্রণালয়ে দাখিল করা তদন্ত প্রতিবেদনটির যতটুকু অংশ বিডি থাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য ততটুকু পর্যন্ত প্রতিবেদনটি মিথ্যা, উদ্দেশ্যমূলক ও অকার্যকর মর্মে ঘোষণামূলক ডিক্রি দেওয়া হোক।"
মামলায় বলা হয়, "বিডি থাই কোন টাকা কোথায় কিভাবে পাচার বা স্থানান্তর করেছে তা বাদি প্রতিষ্ঠানের বোধগম্য নয়।"
বাদি আরজিতে আরো বলেন, "ইব্রাহিম খালেদের বক্তব্য অনুযায়ী জেম গ্লোবালের কাছে বিডি থাই যে বন্ড ইস্যু করে তা লকিংয়ে থাকার কথা ছিল। কিন্তু জেম গ্লোবাল তা বেআইনিভাবে অফলোড করেছে বলে প্রকাশ করেন। যা অসত্য।"
"বিডি থাই ও জেম গ্লোবালের সঙ্গে অনুমোদিত চুক্তি অনুযায়ী বিডি থাই অ্যালুমিনিয়াম জেম গ্লোবালের অনুকূলে উন্মুক্ত বাণিজ্য (ফ্রিলি ট্রেডেবল) শেয়ার এবং ওয়ারেন্ট ইস্যু করেছে।"
"এ সব কিছু করা হয়েছে বাংলাদেশ ব্যংকের আইন, বৈদেশিক মুদ্রা আইন ও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন নিয়ে।"
তদন্ত প্রতিবেদনে যা বলা হয়েছে
তদন্ত প্রতিবেদনে বলা হয়, জেম গ্লোবাল কোম্পানির সহায়তায় বিডি থাই অ্যালুমিনিয়াম শেয়ার বিক্রি করে অবিশ্বাস্যভাবে মুনাফা অর্জন করেছে।
প্রতিবেদনে পত্রিকায় প্রকাশিত তথ্যের উদ্ধৃতি দিয়ে বলা হয়, জেম গ্লোবাল সিটি ব্যাংক (এনএ) এর মাধ্যমে ১৫ কোটি টাকা বিদেশে স্থানান্তর করেছে।
সংবাদপত্রে প্রকাশিত ওই প্রতিবেদনের সূত্র ধরে কমিটি পুরো বিষয়টি তদন্তের জন্য সিআইডির কাছে হস্তান্তরের সুপারিশ করে।
সুপারিশে বলা হয়, "যেহেতু এই অর্থ লোপাটের পুরো প্রক্রিয়াটাই কেলেঙ্কারিমূলক তাই এই কেসটি বিস্তারিত তদন্তের জন্য সিআইডির কাছে হস্তান্তর করা যায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/পিডি/১৮২২ ঘ.
bdnews24