২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহকর্মী সুরক্ষা নীতিমালার বাস্তবায়ন দাবি

গৃহ শ্রমিকদের সুরক্ষায় 'গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা-২০১০' বাস্তবায়নের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠনের একটি জোট। গৃহ শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, কর্মঘণ্টা ও মজুরি নির্ধারণ এবং নির্যাতনকারীদের শাস্তিরও দাবি জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 08:19 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৃহ শ্রমিকদের সুরক্ষায় 'গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা-২০১০' বাস্তবায়নের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠনের একটি জোট। গৃহ শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, কর্মঘণ্টা ও মজুরি নির্ধারণ এবং নির্যাতনকারীদের শাস্তিরও দাবি জানানো হয়েছে। রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ২৫টি সংগঠনের সমন্বয়ে গঠিত গৃহ শ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক সরকারের কাছে এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) সমন্বয়কারী ওয়াজেদুল ইসলাম খান জানান, চলতি বছরে ১৪ জন গৃহ শ্রমিক নির্যাতনে মারা গেছে। গত ১০ বছরে ৭২৭ জন গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটে। এদের মধ্যে মারা গেছে ৩৯৮ জন। "নির্যাতনে গৃহ শ্রমিক হত্যা করে তা আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে প্রভাবশালীরা। অনেক সময় গৃহকর্মীদের হত্যার পর ছাদ থেকে ফেলে দেওয়া হচ্ছে", অভিযোগ করেন তিনি। বর্তমানে দেশে ২০ লাখের মতো গৃহকর্মী রয়েছে জানিয়ে তিনি বলেন, "এদের ৮০ শতাংশই নারী ও শিশু এবং তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে।" এসব নির্যাতন প্রতিরোধে অবিলম্বে 'গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা-২০১০' গেজেট আকারে প্রকাশ করতে সরকারের কাছে দাবি জানান তিনি। আগামী জুনে জেনেভায় অনুষ্ঠেয় 'গৃহ শ্রমিকদের শোভন কাজ' শীর্ষক আইএলও সম্মেলনে সরকারকে ইতিবাচক ভূমিকা রাখতেও সংবাদ সম্মেলনে অনুরোধ জানানো হয়। সংবাদ সম্মেলনে ছিলেন কর্মজীবী নারীর সভাপতি শিরীন আখতার, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ'র যুগ্ম-মহাসচিব জাফরুল হাসান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আবুল হোসাইন ও গৃহ শ্রমিক প্রতিষ্ঠা নেটওয়ার্কের সমন্বয়কারী সুলতান উদ্দিন আহম্মদ। একই দাবিতে বেলা ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/এমআই/১৪১৪ ঘ.