২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপির সচিব খুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে সরকারদলীয় সংসদ সদস্যের সহকারীকে গুলি চালানোর পর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 06:34 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ময়মনসিংহ, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের গফরগাঁওয়ে সরকারদলীয় সংসদ সদস্যের সহকারীকে গুলি চালানোর পর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সারোয়ার হোসেন মোফাজ্জেল (৪০)। তিনি ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন আহমেদের সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) ছিলেন। সারোয়ারকে শনিবার রাতে গফরগাঁওয়ের দত্তের বাজার ইউনিয়নের বালিপাড়া গ্রামের মনজিলা সেতুর কাছে খুন করা হয় বলে ময়মনসিংহের পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপজেলা সদর থেকে মটর সাইকেলে করে যাওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে মনজিলা ব্রিজের কাছে এক দল সন্ত্রাসী সারোয়ারকে আটকায়। তারা তাকে গুলি ও এলোপাতারি কুপিয়ে এবং জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।" খবর পেয়ে পুলিশ লাশ ও মটর সাইকেল উদ্ধার করে। গফরগাঁও থানার ওসি আছাবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মটর সাইকেলে সারোয়ারের সঙ্গে কন্যামণ্ডল গ্রামের আব্দুল হামিদে ছেলে সিজারও ছিলো। কিন্তু ঘটনার পর থেকে তার সন্ধান নেই। সিজারকে পেলে হত্যার কারণ উদ্ঘাটন সহজ হবে বলে ওসি মনে করেন। নিহত সারোয়ার দত্তের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২২০ ঘ.