ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমের স্ত্রী চাঁদাবাজির মামলায় সাজাপ্রাপ্ত হাসিনা চৌধুরীকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছে আদালত।
হাসিনা রোববার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে এ মামলায় জামিন চেয়েছিলেন। বিচারক মো. আমান উল্লাহ সে আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ মামলায় ২০০৭ সালের ১২ সেপ্টেম্বর একই বিচারক হাসিনা ও তার স্বামীকে ১০ বছরের কারাদণ্ড দেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের গুলিস্তান ভবনের নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এএসএম আলাউদ্দিন ওই বছরেরই ৪ এপ্রিল পল্টন থানায় মামলাটি করেন।
মামলায় অভিযোগ করা হয়, চৌধুরী আলম এবং তার সঙ্গীরা ২০০৩ সালের ১১ মার্চ সন্ধ্যায় বাদির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং হাসিনার নামে একটি দোকান বরাদ্দন চান। ২০০৪ সালের ২৪ নভেম্বর চৌধুরী আলম সঙ্গী নিয়ে এসে ১৫ লাখ টাকা চাঁদা নেন এবং হাসিনার নামে একটি বরাদ্দপত্রে জোর করে স্বাক্ষর নিয়ে যান।
ঢাকা সিটি কর্পোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা চৌধুরী আলম কয়েক মাস ধরে নিখোঁজ। পরিবার ও তার দলের অভিযোগ, আইন-শৃঙ্খলা বাহিনী তাকে গুম করেছে। যদিও সরকারের পক্ষ থেকে অভিযোগ নাকচ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১১৫৫ ঘ.
bdnews24