গাজীপুর/মুন্সীগঞ্জ, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর ও মুন্সীগঞ্জে চারটি স্থানে দুর্ঘটনায় চার জন নিহত এবং নয় জন আহত হয়েছে।
গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে দুজন এবং বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত ও পাঁচজন আহত হয়। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় একটি পিকআপ ভ্যান খাদে পড়ে এক জন নিহত ও চারজন আহত হয়।
রেলওয়ে পুলিশের টঙ্গী ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল খায়ের সাংবাদিকদের জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে রাস্তা পারপারের সময় টঙ্গী রেল জংশন এলাকায় ঢাকাগামী ধুমকেতু আন্তঃনগর এক্সপ্রেসের নিচে পড়ে এক ব্যক্তি (৩৯) নিহত হন। তার পরনে চেক লুঙ্গি ও সাদা-ধূসর চেক শার্ট রয়েছে।
এছাড়া কালিয়াকৈর উপজেলার মৌচাকের টিঅ্যান্ডটি রেলগেইট এলাকা থেকে ট্রেনে কাটা পড়া অপর একটি লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ দুর্ঘটনার সঠিক সময় জানাতে পারেননি এসআই আবুল খায়ের।
নিহতের পরনে কালো প্যান্ট ও নীল রংয়ের শার্ট রয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে মহাসড়ক পুলিশের নাওজোর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আক্তার হোসেন সাংবাদিকদের জানান, শনিবার রাত ১১টার দিকে রাজেন্দ্রপুরে ঢাকাগামী সৌখিন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী (২৭) নিহত ও পাঁচ জন আহত হন।
দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ১ ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিলো।
রোববার ভোররাতে টঙ্গীবাড়ি উপজেলার বাহেরপাড়া এলাকায় লৌহজং-টঙ্গীবাড়ি-ঢাকা সড়কে একটি পিকআপ ভ্যান খাদে পড়ে আইয়ুব আলী সরকার (৬০) নামে এক ব্যক্তি নিহত হন বলে পুলিশ জানায়।
লৌহজং উপজেলার টহরী গ্রামের বাসিন্দা আইয়ুব মাছ ব্যবসায়ী ছিলেন।
টঙ্গীবাড়ি থানার ওসি মো. আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইয়ুবসহ পাঁচ মাছ ব্যবসায়ী পিকআপ ভ্যানে করে লৌহজং থেকে মাছ নিয়ে ঢাকা যাচ্ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১৪০ ঘ.
bdnews24