২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে নির্বাচনী সংঘর্ষে আহত অর্ধশত

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় পুলিশসহ অন্তত অর্ধশত আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2011, 08:22 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

কক্সবাজার, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় পুলিশসহ অন্তত অর্ধশত আহত হয়েছে। এ সময় পুলিশের গাড়ি ও বসতবাড়ি ভাংচুর, দোকানপাটে লুটপাট, দুইশ' রাউন্ড গুলিবর্ষণ হয়। শনিবার রাত সাড়ে ১০টা থেকে প্রায় একঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৩০ জনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সাবরাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফলাফল ঘোষণার পরপরই সদস্য পদপ্রার্থী মাহমুদুর রহমান ও তার সমর্থকরা জয়ী প্রার্থী নুর মোহাম্মদ ও তার লোকজনদের উপর হামলা চালায়। রাত সাড়ে ১০টার দিকে নয়াপাড়া নবী হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ফলাফল বিবরণী, ব্যালট বাক্স, প্রিসাইডিং কর্মকর্তা ও জয়ী প্রার্থী নুর মোহাম্মদ মেম্বারকে পুলিশ প্রহরায় বের করে নেওয়ার সময় এই হামলা শুরু হয়। প্রত্যক্ষদর্শী আবদুর রহমান, গোলাম কাদের ও আবদুর রহিম জানান, হামলাকারীরা পুলিশের গাড়িতে হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশ, জয়ী সদস্য পদপ্রার্থী নুর মোহাম্মদ ও হামলাকারীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। টেকনাফ থানার ওসি আবুল হাশেম সাংবাদিকদের বলেন, এই হামলার ফাঁকে জয়ী প্রার্থী নুর মোহাম্মদ, প্রিসাইডিং কর্মকর্তাসহ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সরিয়ে আনা হয়েছে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ অন্তত দেড়শ' রাউন্ড গুলিবর্ষণ হয় বলে তিনি স্বীকার করেন। ঘটনাস্থল থেকে ৩০ জনকে আটক করার কথা নিশ্চিত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১৯ ঘ.