২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের ৯ দিন পর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৫

নিখোঁজ হওয়ার নয়দিন পর সেপটিক ট্যাঙ্ক থেকে এক ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2011, 08:21 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

নারায়ণগঞ্জ, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার নয়দিন পর সেপটিক ট্যাঙ্ক থেকে এক ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ সদরের ফতুল্লার কাশিপুর ইউনিয়নের ফরাজীকান্দায় নাসির উদ্দিন মোল্লার (৫০) লাশ পাওয়া যায়। তিনি ফরাজীকান্দা এলাকার ফয়েজ আহম্মেদ মোল্লার ছেলে। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে একই এলাকা থেকে নিহতের চাচাতো ভাইসহ পঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- নাসির উদ্দিনের চাচাতো ভাই হোসেন মোল্লা (২৮), তার সহযোগী আল আমিন (২২), রোমান (২৭), আয়নাল (২৭) ও ইসলাম (২৭)। জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে হত্যার ঘটনার বিবরণ দিয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, জমির ব্যবসার টাকার লেনদেনের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, পহেলা বৈশাখ ফরাজীকান্দা এলাকার বাসায় ফেরার পথে মুদি ব্যবসায়ী নাসির নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরদিন নিখোঁজ নাসির উদ্দিনের ছেলে নাহিদ মোল্লা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ অনুসন্ধান শুরু করে। গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, পহেলা বৈশাখ রাতে ফরাজীকান্দা মাদ্রাসা মাঠে বসে নাসির উদ্দিন মোল্লাসহ তারা একসঙ্গে বসে মদপান করে। এক পর্যায়ে তারা নাসিরকে গলাটিপে হত্যা করে লাশ চাচাতো ভাই হোসেন মোল্লার বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভেতর লুকিয়ে রাখে। নাসিরের ছেলে নাহিদ মোল্লা জানান, একটি জমি বিক্রির টাকা নিয়ে তার বাবার সঙ্গে চাচা হোসেন মোল্লার বিরোধ দেখা দেয়। এ নিয়ে ১৭ এপ্রিল (রোববার) সামাজিক বৈঠকে বসার কথা ছিল। কিন্তু এর আগে ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে তিনি নিখোঁজ হন। জমি সংক্রান্ত ব্যবসার লেনদেনের বিরোধের জেরে পরিকল্পিতভাবে তার বাবাকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে নাসির উদ্দিন হত্যা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০৩ ঘ.