২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা ভাইস চেয়ারম্যানকে কুপিয়ে জখম

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এসময় তার এক সঙ্গীও আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2011, 06:41 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

কিশোরগঞ্জ, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এসময় তার এক সঙ্গীও আহত হন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কটিয়াদি বাসস্ট্যান্ডে এ ঘটনার পর এলাকাবাসী তিনঘণ্টা কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়ক অবরোধ করে। মিলনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং তার সঙ্গী নুরুল ইসলাম মাস্টারকে বাজিতপুরে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মিলনের স্ত্রী রোজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জহুরুল ইসলাম হাসপাতাল থেকে মেয়ের চিকিৎসা শেষে মিলন একটি মাইক্রোবাসে করে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরছিলেন। কটিয়াদী বাসস্ট্যান্ডে আসার পর কয়েকজন যুবক মাইক্রোবাসটি থামাতে বলে। থামার পর তারা মিলনকে কুশলাদি জিজ্ঞাসা করে চা পানের আমন্ত্রণ জানায়। কিন্তু মিলন জরুরি কাজ আছে জানিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে আরো ৮/১০ জন অপরিচিত যুবক হাতে অস্ত্র নিয়ে মিলনের মাইক্রোবাসটিকে ঘিরে ফেলে এবং গাড়িতে আঘাত করতে থাকে। এ সময় মিলন গাড়ি থেকে নেমে দৌড়ে একটি মিষ্টির দোকানে ঢুকে পড়েন। দুর্বৃত্তরা তখন সেখানে গিয়ে মিলনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। জখম করে তার সঙ্গী নুরুল ইসলাম মাস্টারকেও। কটিয়াদী থানার ওসি ফরিদ আহমেদ সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রাত ১০টার দিকে যান চলাচল শুরু হয়েছে। হামলার জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৬ ঘ.