ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরীক্ষা পেছাতে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে এক এইচএসসি পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোমানা বিনতে সাইফ (১৯) নামে ওই পরীক্ষার্থীকে শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশ তার কাফরুলের বাসা থেকে গ্রেপ্তার করে বলে মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে কাফরুল থানার ওসিকে মোবাইলে ফোন করে নারীকণ্ঠে জানানো হয়, ১৯ এপ্রিল সকাল সাড়ে ৯টায় আড়ংয়ে, এর সাত মিনিট পর নভো থিয়েটারে, ৯টা ৫৩ মিনিটে মোহাম্মদপুরে, সোয়া ১০টায় আবাহনী মাঠে এবং ১০টা ৪৯ মিনিটে রাইফেলস স্কয়ারে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হবে।
পরে কাফরুল থানার ওসি বিষয়টি মোহাম্মদপুর থানার ওসিকে জানান।
এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফোন পাওয়ার পর লালমাটিয়া আড়ংয়ের প্রতিটি ফ্লোরসহ সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা পুলিশের বোমা নিস্ক্রিয় ইউনিট অনুসন্ধান চালালেও কিছু পায়নি।
"মোবাইলে ওসিকে আরো জানানো হয় এই ঘটনার সঙ্গে তার [ফোন করা নারীটির] স্বামী জড়িত। স্বামীকে কোনভাবে এসব কর্মকাণ্ড থেকে বিরত করতে না পেরে সন্তানকে নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে তিনি জিগাতলায় চলে যাচ্ছেন। তবে প্রকৃতপক্ষে ওই তরুণী বিবাহিত নন বলে পরে জানা যায়।"
দুই থানার ওসির তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে জানিয়ে মাহবুবুর রহমান বলেন, তদন্তের এক পর্যায়ে মোবাইল ফোন ব্যবহারকারি নারীটির অবস্থান নিশ্চিত হওয়া যায়। এরপরই শুক্রবার রাতে কাফরুলের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাবা একজন সরকারি কর্মকর্তা।
রোমানার উদ্ধৃতি দিয়ে মাহ্বুবুর বলেন, ১৯ এপ্রিল তার পদার্থ বিজ্ঞান দ্বিতীয়পত্র পরীক্ষা ছিল। এই পরীক্ষার জন্য তার ভাল প্রস্তুতি ছিল না। তাছাড়া গত ৪ এপ্রিল পরীক্ষা শুরুর পর কোনো বিরতি ছিল না। সে দিন যেন পরীক্ষা না হয় এ কারণেই তিনি এই আতঙ্ক সৃষ্টি করেন।
"তবে গোয়েন্দা পুলিশ তার কথা পুরোপুরি বিশ্বাস করছে না। তার কোনো জঙ্গি কোনো যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৯১৩ ঘ.
bdnews24