২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট হামলারেজ্জাকুল-রহিম ফের রিমান্ডে

১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার সাবেক দুই গোয়েন্দা প্রধানকে ২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলায় দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য চার দিন হেফাজতে পেয়েছে সিআইডি। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2011, 09:32 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার সাবেক দুই গোয়েন্দা প্রধানকে ২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলায় দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য চার দিন হেফাজতে পেয়েছে সিআইডি। জাতীয় গোয়েন্দা সংস্থা- এনএসআই'র এই সাবেক দুই প্রধান হলেন- অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী। এ মামলায় দুজনকে চার দিন জিজ্ঞাসাবাদ শেষে আরো পাঁচ দিন জিজ্ঞাসাবাদের জন্য শনিবার ঢাকার হাকিম আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ সুপার আব্দুল কাহহার আকন্দ। ঢাকার মহানগর হাকিম মো. এরফান উল্লাহ দুপুরে শুনানি শেষে চার দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান। সাবেক দুই গোয়েন্দাপ্রধানকেই আদালতে হাজির করা হয়। তারা জামিনের আবেদন করলেও তা নাকচ হয়। তাদের আইনজীবীরা কোর্ট হাজতে দুজনের সঙ্গে দেখা করার আবেদন করলেও তাও নাকচ করে আদালত। গত ১৭ এপ্রিল ঢাকার হাকিম আদালতই তাদের জিজ্ঞাসাবাদের জন্য চার দিন হেফাজত মঞ্জুর করেছিলো। ওদিকে ১০ ট্রাক অস্ত্র মামলায় এই দুজনকে ওই দিনই কারাফটকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডিকে অনুমতি দেয় চট্টগ্রামের একটি আদালত। এর আগে তাদের ওই মামলায় কয়েক দফা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ২১ অগাস্টের ঘটনায় হত্যার মামলাটির অধিকতর তদন্তের প্রতিবেদন দাখিলের জন্য আরো ৪৫ দিন সময় চেয়ে গত বৃহস্পতিবার আবেদন করেন তদন্ত কর্মকর্তা কাহহার আকন্দ। রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এর শুনানি হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ওই আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবুল কালাম আজাদ। ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। ওই ঘটনায় মতিঝিল থানায় হত্যা, হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনে মামলা হয়। পরে মামলার আসামি বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগপত্র দেওয়া হয়। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৬১৬ ঘ.