২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হাজারি গলিতে দোকান ভাঙার প্রতিবাদে ধর্মঘট

বন্দর নগরীর অন্যতম বৃহৎ পাইকারি বাজার হাজারি গলির একটি মার্কেট ভাঙার সময় লুটপাটের অভিযোগ এনে ওই বাজারের ব্যবসায়ীরা শনিবার সকাল থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2011, 09:04 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

চট্টগ্রাম, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরীর অন্যতম বৃহৎ পাইকারি বাজার হাজারি গলির একটি মার্কেট ভাঙার সময় লুটপাটের অভিযোগ এনে ওই বাজারের ব্যবসায়ীরা শনিবার সকাল থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট করছে। এ বাজারে পাইকারি ওষুধ ও গহনার দোকান মিলিয়ে প্রায় ১ হাজার দোকান রয়েছে। পুলিশ জানায়, বহুতল ভবন নির্মাণের জন্য হাজারি গলির কোহিনূর মার্কেটটি ভেঙে ফেলতে শুরু করে মালিকপক্ষ। ভোররাতে এই কাজে নিয়োজিত শ্রমিকরা মার্কেটের নয়টি গহনার দোকানের ছাদ ভেঙে ফেলে। এর প্রতিবাদে শনিবার সকাল থেকে ধর্মঘট শুরু করে ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, দোকান ভাঙার সময় শ্রমিকরা দোকানের স্বর্ণালঙ্কাকারসহ ১০ লাখ টাকা লুট করে। কোতোয়ালি থানার ওসি আবুল কালাম আজাদ জানান, কোহিনুর মার্কেটের মালিক প্রয়াত জাফর আহমদ। তার চার ছেলে বর্তমানে এ মার্কেটের মালিক। বহুতল বিপণি বিতান নির্মাণের জন্য তারা নয় দোকান মালিককে দোকান খালি করতে বলে। এতে তারা রাজি না হলে গত বছর মামলা দায়ের করা হয়। এরপর হাইকোর্টের নির্দেশে দোকান ভাঙার কার্যক্রম বন্ধ থাকলেও মালিকপক্ষ জানিয়েছে, আপিল বিভাগ হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করেছে। এজন্য শনিবার ভোর থেকে দোকান ভাঙার কাজ শুরু করে তারা। আজাদ বলেন, "যেহেতু আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই, তাই মালিক পক্ষ দখল নিতে গিয়েছিলো।" বাংলাদেশ জুয়েলারি সমিতি চট্টগ্রাম শাখার সভাপতি নুরুল আফসার চৌধুরী বলেন, "নয় দোকান থেকে মোট ৫০০ ভরি স্বর্ণ এবং ১০ লাখ টাকা লুটপাট হয়েছে।" এলাকাবাসী ও ব্যবসায়ীদের প্রতিরোধের মুখে সকাল ৬টার দিকে শ্রমিকরা দোকান ভাঙার কাজ শেষ না করে চলে যায়। ওই সময় দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ওসি আবুল কালাম আাজাদসহ তিন পুলিশ কর্মকর্তা আহত হয়। কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মঞ্জুর মোর্শেদ বলেন, বিষয়টি সুরাহার জন্য বিবাদমান দুপক্ষ এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের ডেকে পাঠানো হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/আরএ/এমআই/১৫০০ ঘ.