কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেড় মাসেও গ্রেপ্তার হয়নি আনসার সদস্য আনিসুরের হত্যাকারীরা। এর ওপর মামলার বাদি পুলিশ কর্মকর্তাও বরখাস্ত। তারপরও তদন্ত বাধাগ্রস্ত হবে না- পুলিশ এ কথা বলে এলেও স্বজনরা চিন্তিত মামলার ভবিষ্যৎ নিয়ে।
গত ১২ মার্চ সন্ত্রাসীর গুলিতে নিহত হন কর্তব্যরত আনসার সদস্য আনিসুর রহমান (৩৫)। সূত্রাপুরের প্যারিদাস রোডে একটি তল্লাশি চৌকিতে দায়িত্ব পালন করছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, একটি মটর সাইকেল থামিয়ে তিন আরোহীকে তল্লাশি করার সময় আনিসুরকে গুলি চালিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলে সূত্রাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলামসহ পুলিশের দুুই সদস্য ও আনসাবের তিন সদস্য ছিলেন বলে জানান সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম।
এএসআই আশরাফুল বাদি হয়ে থানায় একটি মামলা করেন।
ঘটনাস্থলে উপস্থিত থেকেও সন্ত্রাসীদের না ধরতে পারায় গত ১১ এপ্রিল এএসআই আশরাফুল ও কনস্টেবল জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ওসি নজরুল।
তিনি বলেন, "এতজন পুলিশ সদস্য ছিলো। সন্ত্রাসীরা গুলি করে মটর সাইকেল চালিয়ে পালিয়ে গেলো, অথচ কেউ তাদের গুলি পর্যন্ত করলো না!"
অপরাধীদের কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি বলে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর কবির খান গত বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
"তবে হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করা গেছে", বলেন তিনি।
এদিকে এত দিনেও অপরাধী গ্রেপ্তার না হওয়ায় এবং বাদি বরখাস্ত হওয়ায় উদ্বিগ্ন আনিসুরের শ্যালক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ এ মামলার বিষয়ে তাদের কিছুই জানাচ্ছে না।
"যিনি বাদি হয়েছেন, তিনিই তো বরখাস্ত। এক মাসের বেশি সময় গড়িয়েছে, অথচ আমার বোনের সঙ্গে পুলিশ বা আনসার কোনো বিভাগের পক্ষ থেকেই যোগাযোগ করা হয়নি", বলেন তিনি।
আনিসুরের এক মেয়ে ষষ্ঠ শ্রেণীতে এবং এক ছেলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তাদের দুজনের পড়াশুনা ও জীবিকার খরচ চালাতে আনিসুরের অসুস্থ স্ত্রী আরজিনা বেগম হিমশিম খাচ্ছেন বলে জানান রফিকুল।
তিনি বলেন, "লাশ দাফনের সময় আমাদের ১২ হাজার টাকা দেওয়া হয়েছে। তারপর আর কেউ খোঁজ করেনি।"
গাইবান্ধার পলাশপুরের মনোহরপুরের আনিসুরের বাড়ি। সন্তানদের নিয়ে এখন গ্রামেই আছেন আরজিনা।
সূত্রাপূরে আনিসুর হত্যাকাণ্ডের প্রায় এক বছর আগে একইভাবে সন্ত্রাসীর গুলিতে নিহত হন বংশাল থানার উপপরিদর্শক গৌতম রায়। এ মামলায় পুলিশি কার্যক্রম নিয়েও অসন্তোষ রয়েছে নিহতের স্বজনদের।
বিডিনিউজ টোয়েন্টিয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১১৫৫ ঘ.
bdnews24