নীলফামারী, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নীলফামারীর ডোমার উপজেলায় অন্তত ২০ জন আহত হয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করেছে।
শুক্রবার সকালে পূর্ব বোরাগাড়ি গ্রামের ঘাটের পাড় এলাকায় এ সংঘর্ষ হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
আহতদের মধ্যে ফারুককে (৩৩) ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বুলবুলকে (২৮) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নাম জানা যায়নি।
আহত ফারুক সাংবাদিকদের বলেন, এলাকার ভূমিহীন আমিনুর রহমান সরকারের কাছ থেকে ৬০ শতাংশ জমি পেয়েছেন। কিন্তু গ্রামের প্রভাবশালী বেলাল সেই জমি নিজের বলে দাবি করে আসছিলেন।
এর জেরে শুক্রবার সকালে বেলালের সমর্থকরা লাঠিসোটা নিয়ে সেই জমি দখল করতে যায়। এ সময় আমিনুরের পরিবারের লোকজন বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
ডোমার থানার ওসি রওশন আলী সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল থেকে নজরুল ইসলাম (৪৮), বেলাল হোসেন (৫০) ও বাবুকে (২৭) আটক করা হয়েছে।
এ ঘটনায় ডোমার থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯০০ ঘ.
bdnews24