২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ওহি নাজিল হয়: খালেদা

প্রধানমন্ত্রীর কার্যালয়ের 'নিদের্শনাই' বিচার বিভাগ বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 05:52 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর কার্যালয়ের 'নিদের্শনাই' বিচার বিভাগ বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতে গুলশানের কার্যালয়ে রাজশাহী জেলা আইনজীবী সমিতি ও বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির নির্বাচিত কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন। সরকারের বিরুদ্ধে আবারো বিচার বিভাগকে 'দলীয়করণের' অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন দাবি করেন, "প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ওহি নাজিল হয়। আর তা বাস্তবায়ন করে বিচার বিভাগ। আওয়ামী লীগ হলে বিচারে তাদের সব মাফ। আর বিরোধী দল হলে তাদের জামিন নেই, কারাগারে বন্দি রাখার আদেশ হয়।'' সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকার বিরোধী আন্দোলনে শরিক হওয়ারও আহবান জানান খালেদা। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে শিগগিরই সারাদেশে সাংগঠনিক সফরে বের হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ার কঠোর সমালোচনা করে বিরোধী দলীয় নেতা বলেন, "প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের মধ্যে যারা রাজাকার তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এজন্য এই বিচার প্রহসন ছাড়া কিছুই নয়।'' আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের দল নয়- এমন দাবিও করেন খালেদা। "এই দলের (আওয়ামী লীগ) নেতারা মুক্তিযুদ্ধ করেননি। উনাদের নেতা স্বাধীন বাংলাদেশের নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন", যোগ করেন বিএনপি চেয়ারপারসন। রাজশাহীর সাবেক মেয়র ও দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, সাবেক মন্ত্রী আমীনুল হক, জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট নাজমুস সাদাত, অ্যাডভোকেট মাইনুল হাসান পান্না প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার, চেয়ারপারসনের উপদেষ্টা জহুরুল ইসলাম, মহিলা সাংসদ আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সাংসদ নাদিম মোস্তফা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩৪০ ঘ.