২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মূল্যস্ফীতি ৮ শতাংশের কাছাকাছি হতে পারে'

চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি আট শতাংশের কাছাকাছি হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 02:59 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি আট শতাংশের কাছাকাছি হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে ইকনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রাক-বাজেট আলোচনা সভায় অর্থমন্ত্রী বলেন, "গত অর্থবছরে মুল্যস্ফীতি ছিল সাড়ে ছয় শতাংশ। এবার বেশি হবে। এটা আটের কাছাকাছি হবে।" চলতি অর্থবছরের (২০১০-১১) বাজেটে গড় মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয় ছয় দশমিক পাঁচ শতাংশ। অর্থমন্ত্রী জানান, অর্থবছর শেষে প্রাক্কলিত বাজেটের চেয়ে ব্যয় তিন থেকে চার হাজার কোটি টাকা কম হতে পারে। চলতি অর্থবছরের বাজেট আকার ছিল এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকা। মুহিত বলেন, এবার ব্যয় এক লাখ ২৮ হাজার থেকে এক লাখ ২৯ হাজার কোটি টাকা হতে পারে। বিদেশি টাকা আসছে কিন্তু আমরা ব্যয় করতে পারছি না। "চলতি অর্থবছরে তিন বিলিয়ন মার্কিন ডলার বিদেশি সহায়তা এসেছে। এছাড়া পাইপলাইনে রয়েছে নয় বিলিয়ন মার্কিন ডলার। আগামী অর্থবছরে এটা ১১ বিলিয়ন মার্কিন ডলার হবে।" [দেশের] অর্থনেতিক অবস্থা ভালো- এ দাবি করে অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগ ও রপ্তানি বাড়ছে। অভ্যন্তরীণ সম্পদও বাড়ছে। তবে আগামী বাজেটে বিভিন্ন খাতে ভর্তুকি না বাড়ানোর ইঙ্গিত দিয়ে তিনি বলেন, "ভর্তুকি অনেক বেড়েছে। অত বেশি ভর্তুকি সম্ভব নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২১০১ ঘ.