সিরাজগঞ্জ, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোরড ডটকম)- সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক আব্দুল বাকি মির্জা হত্যার প্রতিবাদে এই জেলার সকল হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসকরা কর্মবিরতি পালন করেছেন।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
সিরাজগঞ্জ বিএমএ'র সভাপতি ডা. জহুরুল হক রাজা বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং খুনীদের গ্রেপ্তার করা না হলে ২৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন ২ ঘণ্টা কর্মবিরতি পালন ও কালোব্যাজ ধারণ অব্যাহত থাকবে।
তবে প্রতিটি প্রতিষ্ঠানের জরুরী বিভাগ এ কর্মসূচির আওতামুক্ত রয়েছে।
এদিকে ডা. বাকি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ হত্যাকাণ্ডের পেছনে ওষুধ ব্যবসা ও নারী ঘটিত বিষয় রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। রিমান্ডে থাকা এশাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার দেয়া তথ্য মতে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত হাসপাতালে দায়িত্ব পালন করে ডা. আব্দুল বাকি মির্জা ডরমেটরীতে যান। পর দিন বিকাল ৩টার দিকে নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ওয়াসিমা ওরফে এশা নামের একটি মেয়েকে গ্রেপ্তার করা হয়। সোমবার বিকালে তাকে ৪দিনের রিমান্ডে নেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭২৩ ঘ.
bdnews24