২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে জামিনের নথি দিলেন জমিরউদ্দিন

দুর্নীতির আট মামলায় পাওয়া জামিনের নথি বিচারিক আদালতে হাজির হয়ে জমা দিয়েছেন সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 11:24 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির আট মামলায় পাওয়া জামিনের নথি বিচারিক আদালতে হাজির হয়ে জমা দিয়েছেন সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াতের আদালতে হাজির হয়ে তিনি হাইকোর্ট থেকে পাওয়া জামিনের নথি দাখিল করেন। বিভিন্ন দুর্নীতির অভিযোগে জমির উদ্দিনের বিরুদ্ধে রাজধানীর শেরে বাংলানগর থানায় গত বছরের ২৮ ডিসেম্বর পাঁচটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোতে হাইকোর্ট তাকে গত ৩ মার্চ ছয় মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দেয়। একই অভিযোগে চলতি বছরের ১৬ জানুয়ারি জমিরের বিরুদ্ধে আরো তিনটি মামলা হয়। এ মামলাগুলোতেও গত ১৯ মার্চ হাইকোর্ট তাকে চার মাসের জামিন দেয়। জমিরউদ্দিনের আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া জামিনদার হিসাবে জামিননামায় স্বাক্ষর করেন। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে চিকিৎসার নামে সরকারি অর্থ আত্মসাৎ, সরকারি বাসভবনের আসবাবপত্র সরিয়ে ফেলা এবং অতিরিক্ত বিদ্যুৎ-গ্যাস বিল উত্তোলন, অতিরিক্ত গাড়ি ব্যবহার ও এজন্যে অতিরিক্ত জ্বালানি তেল উত্তোলনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন এ মামলাগুলো করে। এতে তার সঙ্গে আরো আসামি করা হয় প্রয়াত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, জাতীয় সংসদের তৎকালীন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আশরাফুল ইসলামকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/পিডি/১৭২৬ ঘ.