ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ে দেশের সাড়ে ২০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের উদ্যোগ নিতে যাচ্ছে আগামী জুন থেকে।
বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকায় এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
এ লক্ষে এরই মধ্যে সরকার ৩০৬ কোটি টাকার একটি প্রকল্পও হাতে নিয়েছে।
'তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন' শীর্ষক এ প্রকল্পের আওতায় আগামী দু' বছরের মধ্যে ১৫ হাজার ৫০০টি স্কুল-কলেজ ও পাঁচ হাজার মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। এছাড়া যেসব স্থানে বিদ্যুৎ নেই সেখানে সোলার প্যানেল বসিয়ে এ কার্যক্রম ছড়িয়ে দেওয়ার জন্য আরেকটি প্রকল্প গ্রহণ করা হবে।
পর্যায়ক্রমে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের চিন্তাভাবনাও করছে সরকার।
ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে 'মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন ও প্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা' শীর্ষক দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর দপ্তরের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের জাতীয় প্রকল্প পরিচালক এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খান এতে সভাপতিত্ব করেন।
মাল্টিমিডিয়া ক্লাসরুম বিষয়ে নাহিদ বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) কাজে লাগিয়ে পাঠ্যবইয়ের দুর্বোধ্য ও বিমূর্ত বিষয়গুলোকে ছবি, অ্যানিমেশন ও ভিডিও ক্লিপের সাহায্যে আরো সহজ করে উপস্থাপন করা হবে। এতে করে পড়াশুনা হবে আরো বেশি আনন্দদায়ক ও কার্যকর।
মন্ত্রী আরো জানান, শিক্ষায় গুণগত পরিবর্তনের লক্ষ্যে আইটি'র ব্যবহার বাড়াতে নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। সে অনুযায়ী শ্রেণীকক্ষ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি করা হচ্ছে।
১৭ টি জিপের মাধ্যমে সারাদেশে ভ্রাম্যমাণ আইটি ল্যাব ও অধ্যাপক জাফর ইকবালের তত্ত্বাবধানে একটি ভ্রাম্যমাণ গবেষণাগার স্থাপন করা হবে বলেও জানালেন তিনি।
নাহিদ উল্লেখ করেন যে, ইতোমধ্যে শিক্ষা খাতে পাবলিক পরীক্ষা, দৈনন্দিন কার্যক্রম, নিয়োগ বদলিসহ বিভিন্ন দাপ্তরিক কাজে আইটি'র ব্যবহার নিশ্চিত করা হয়েছে। ক্রমান্বয়ে তা বাড়ানো হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক অধ্যাপক নোমান উর রশীদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/১৬৪১ ঘ.
bdnews24