চট্টগ্রাম, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীন বেসরকারি বিদ্যালয়ের ৫০ শতাংশই পরিচালিত হচ্ছে এডহক কমিটি দিয়ে।
প্রয়োজনে এই কমিটি স্কুলের নিয়োগ সংক্রান্ত বিষয়ও তদারক করছে।
বিদ্যালয়ের এডহক কমিটি বিষয়ে গত ১২ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা সচিব কামাল আব্দুল নাছের চৌধুরী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, এডহক বা বিশেষ ধরণের কোন কমিটি বিদ্যালয়ে কোন শিক্ষক নিয়োগ দিতে পারবে না।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্কুল শাখার নথি অনুসারে এই বোর্ডে বর্তমানে ৯শ ৩৩টি মাধ্যমিক এবং ৩০০টি নিম্ন মাধ্যমিক বেসরকারি বিদ্যালয় রয়েছে। তবে কয়টি বেসরকারি বিদ্যালয়ে পরিচালনা কমিটির বদলে এডহক কমিটি রয়েছে বোর্ডের কর্মকর্তারা সুনির্দিষ্ট করে তা বলতে পারেন নি।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের স্কুল পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে তারা নিয়োগ সংক্রান্ত বিষয়ও তদারক করেন।"
তবে এই শিক্ষাবোর্ডের অধীন বিদ্যালয়গুলোতে পূর্বের তুলনায় এডহক কমিটির সংখ্যা কমে এসেছে বলে জানান তিনি।
তিনি বলেন, "বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ সংক্রান্ত প্রবিধানমালা ২০০৯ অনুযায়ী এডহক কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের বিষয়টি স্পষ্ট না থাকায় এ ধরণের কমিটি শিক্ষক নিয়োগ দিয়ে আসছিলো।"
চট্টগ্রাম বোর্ডের সহকারী স্কুল পরিদর্শক আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৫০ শতাংশ স্কুল এডহক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এর আগে তা ৬০ শতাংশ ছিল।
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনটি মঙ্গলবার শিক্ষাবোর্ডে এসে পৌঁছেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়
bdnews24