ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে সব গ্রাহকের আবেদন মার্চ মাসে অনুমোদিত হয়েছে এবং দৈনিক চাহিদা ৫০০ কিলোওয়াটের কম, আগামী ১৫ মে থেকে তাদের বিদ্যুৎ সংযোগ দেওয়া শুরু হচ্ছে।
বৃহস্পতিবার বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এক সভাশেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎসচিব আবুল কালাম আজাদ।
আবুল কালাম আজাদ বলেন, নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া অনেকাংশে বন্ধ ছিলো। নতুন সংযোগ নেওয়ার জন্য ৩ লাখ ৮৮ হাজার আবেদন জমা পড়ে। এর মধ্যে ১ লাখ আবেদনকারীকে ফেব্র"য়ারি মাসে ডিমান্ড নোট ইস্যু করা হয়।"
"বাকি ২ লাখ ৮৮ হাজার আবেদনকারীর মধ্যে ৩০ শতাংশকে মার্চ মাসে, ৩০ শতাংশকে এপ্রিল মাসে এবং ৪০ শতাংশকে মে মাসে ডিমান্ড নোট ইস্যু করার কথা বলা হয়েছে", বলেন বিদ্যুৎ সচিব।
আজাদ বলেন, "মার্চে যাদের ডিমান্ডনোট ইস্যু করা হয়েছে, তাদের মে'র ১৫ তারিখ থেকে নতুন সংযোগ দেওয়া হবে। তবে কেবল ৫০০ কিলোওয়াট পর্যন্ত চাহিদাধারীরাই এ সংযোগ পাবেন।"
৫০০ মেগাওয়াটের বেশি যাদের চাহিদা এবং এপ্রিল ও মে মাসে ডিমান্ড নোট ইস্যুকারীদের কবে থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে- এ প্রশ্নের জবাবে বিদ্যুৎ সচিব জানান, এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
৩ লাখ ৮৮ হাজার গ্রাহকের চাহিদা মেটাতে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ লাগবে বলে জানান সচিব।
সচিব বলেন, "মে-জুন মাসে দেশে বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণ বাড়বে। এছাড়া বোরো মৌসুম শেষের দিকে চলে আসায় সেখানে বিদ্যুৎ লাগবে না। তাই নতুন সংযোগ দিতে অসুবিধা হবে না।"
পিডিবির হিসাবে, বুধবার দেশে বিদ্যুৎ উৎপাদন ছিলো প্রায় ৪ হাজার ৩৫০ মেগাওয়াট। চাহিদা ছিলো ৫৩০০ মেগাওয়াটের বেশি। তবে বেসরকারি হিসাবে দেশে বিদ্যুতের চাহিদা আরো অনেক বেশি।
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী সাংবাদিকদের বলেন, "এ বছর বিদ্যুৎ সংযোগে যত আবেদন জমা পড়বে সবাইকেই বিদ্যুৎ দেওয়া হবে।"
প্রায় ৭ মাস বন্ধ থাকার পর গত বছরের নভেম্বরে নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএ/এমআই/১৫৪০ ঘ.
bdnews24