ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালকের (ডিজি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার বৈঠক শেষে সংসদ ভবনে ব্রিফিংয়ে এ কথা জানান স্থায়ী কমিটির সভাপতি আব্দুস সালাম।
তিনি বলেন, "দুর্নীতি তদন্ত উপ-কমিটির প্রতিবেদন অনুযায়ী ফায়ার সার্ভিস মহাপরিচালক আবু নাইম মো. শহীদুল্লাহর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সুপারিশ করা হয়েছে।"
ফায়ার সার্ভিসের যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে ২০০৯-১০ সালে প্রায় শ' কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠার পর গত বছরের মে মাসে তা তদন্তে ছয় সদেস্যর ওই উপ-কমিটি করা হয়।
ফেব্র"য়ারি মাসে স্থায়ী কমিটির কাছে প্রতিবেদন জমা দেয় উপ-কমিটি। বৃহস্পতিবার ওই প্রতিবেদনের ওপর আলোচনা শেষে মহাপরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে স্থায়ী কমিটি।
আব্দুস সালাম বলেন, "তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে স্পেশাল অডিটের ব্যবস্থা নেওয়ারও সুপারিশ এসেছে।"
চাকরির সময়সীমা শেষে অবসরে যাওয়ার পরও কয়েক মাস আগে দু'বছরের জন্য ওই পদে আবু নইমকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
এ ব্যাপারে স্থায়ী কমিটির সভাপতি বলেন, "মহাপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকার পরও তাকে চুক্তিভিত্তিক চাকরি দেওয়ায় বিস্মি কমিটি। তদন্তে তার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হয়েছে।"
দশ ট্রাক অস্ত্র মামলা ও র্যাব
স্থায়ী কমিটির সভাপতি জানান, চাঞ্চল্যকর মামলা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এসময় ২১ অগাস্ট বোমা হামলা মামলা, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলা, দ্বিতল বাসে আগুন লাগানো ও ১০ ট্রাক অস্ত্র মামলার চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপনের জন্য পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) ব্যবস্থা নিতে বলা হয়েছে।
স্থায়ী কমিটির সদস্য মুজিবুল হক জানান, র্যাবের নির্যাতনে আহত লিমনের ঘটনা তদন্তে সংসদীয় কমিটি গঠনের সুপারিশ করা হলে তাতে অস্বীকৃতি জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তবে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা যাতে কোনো অন্যায় কাজে লিপ্ত না হয় সে বিষয়ে তাদেরকে নির্দেশনা দেওয়ার জন্য পুলিশ মহাপরিদর্শককে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে বলে জানান মুজিবুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৫২৩ ঘ.
bdnews24