২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮টি হজ এজেন্সির বিরুদ্ধে মামলা হচ্ছে

অনিয়ম ও মানব পাচারের অভিযোগে আটটি হজ এজেন্সির বিরুদ্ধে মামলা করছে ধর্ম মন্ত্রণালয়। বাতিল করা হচ্ছে তাদের অনুমোদনও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 09:07 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়ম ও মানব পাচারের অভিযোগে আটটি হজ এজেন্সির বিরুদ্ধে মামলা করছে ধর্ম মন্ত্রণালয়। বাতিল করা হচ্ছে তাদের অনুমোদনও। ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, এ ধরনের ব্যবস্থা দেশে এবারই প্রথম নেওয়া হচ্ছে। আটটি এজেন্সির বিরুদ্ধে মামলা শিগগিরই করা হচ্ছে বলে জানান তিনি। যে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা হচ্ছে, তাদের ২০ লাখ টাকা করে জরিমানাও করা হচ্ছে। এছাড়া চারটি প্রতিষ্ঠানের লাইসেন্স বিভিন্ন মেয়াদের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। তাদের ১০ লাখ টাকা করে জরিমানাও করা হচ্ছে। এর পাশাপাশি একটি এজেন্সিকে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১০ সালে হজে গিয়ে এক হাজার সাতশ ৩৮ জন হাজি দেশে ফিরে আসেননি বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী। হজের নামে আদম ব্যবসা করতে দেওয়া হবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অনিয়ম ও অব্যবস্থাপনার জন্য হজ এসেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এজেন্সিগুলো হলো- হাই লিংকস ট্রাভেলস ইন্টারন্যাশনাল, যোগাযোগ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আবাবিল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ইনসাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, মিনি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আল ফাতিহা ট্রাভেলস, এসএইচ ট্রাভেলস ইন্টারন্যাশনাল ও আল আমানত ট্রাভেলস। এগুলোর মধ্যে প্রথম ছয় প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা করে এবং বাকি দু প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া রাব্বানি ওভারসিজের লাইসেন্স তিন বছরের জন্য স্থগিত ও ১০ লাখ টাকা জরিমান, পাটওয়ারী ট্রাভেলসের লাইসেন্স দু বছরের জন্য স্থগিত, খাজা এয়ার ট্রাভেলসের লাইসেন্স দু বছরের জন্য স্থগিত এবং গ্যালাক্সি ট্রাভেলস ইন্টারন্যাশনালের লাইসেন্স দু বছরের জন্য স্থগিত করা হয়েছে। এ চারটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। ৩৬৩ জন হাজি হজে গিয়ে ৬ জন ফেরত না আসায় সাদ এয়ার ইন্টারন্যাশনালকে সতর্ক করা হয়েছে প্রথমবারের মতো। ধর্ম প্রতিমন্ত্রী জানান, ২০১০ সালে তিনশ ১৩টি এজেন্সি ৯০ হাজার ছয়শ ৯৬ জনকে হজে নিয়ে যায়। এর মধ্যে এক হাজার সাতশ ৩৮ জন হাজি ফেরৎ আসেনি। সৌদি আরবের নিয়ম অনুযায়ী কোনো এজেন্সির সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত হজযাত্রী ফেরত না এলে তাদের কোনো আপত্তি থাকে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ২ শতাংশের বেশি হলে তা মানব পাচার হিসেবে ধরা হয়। দুশ ২৮টি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর তদন্ত করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এসব এজেন্সির মন্ত্রণালয়ের কমিটির সামনে শুনানিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আশকোনার হজ অফিস রোববার থেকে বিমানবন্দর থানায় মামলা দায়ের শুরু করবে বলে জানান ধর্ম সচিব কাজী হাবিবুল আউয়াল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৭১৬ ঘ.