২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসকে চেয়ারম্যান হলেও চায় গ্রামীণ ব্যাংককর্মীরা

ব্যবস্থাপনা পরিচালকের পদে বহাল সম্ভবপর না হলে চেয়ারম্যান হিসেবে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে নিয়োগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 07:53 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবস্থাপনা পরিচালকের পদে বহাল সম্ভবপর না হলে চেয়ারম্যান হিসেবে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে নিয়োগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি। ব্যবস্থাপনা পরিচালকের পদে কোনো বিতর্কিত ব্যক্তিকে নিয়োগ না দিতেও সরকারকে হুঁশিয়ার করেছে তারা। জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সমিতির উপদেষ্টা ও সাবেক সভাপতি মো. ছগীরুর রশীদ বলেন, "ড. ইউনূসকে এমডি পদ থেকে সরিয়ে দেওয়ায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও আমানতকারীরা একটি সঙ্কট ও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।" "তাই উচ্চ আদালতে করা পুনর্বিবেচনার আবেদন খারিজ হলেও ব্যাংকের স্বার্থে ড. ইউনূসকে এমডি হিসেবে বহাল কিংবা চেয়ারম্যান পদে নিয়োগের জন্য আন্দোলন কর্মসূচি পালন করা হবে", বলেন তিনি। অনুমোদন না নিয়ে পদে অধিষ্ঠিত হওয়ার কারণ দেখিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে নোবেলজয়ী ইউনূসকে অব্যাহতি দেয়। এছাড়া ইউনূসের বয়সসীমা অতিক্রান্ত হওয়ার বিষয়টিও তুলে ধরে আসছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর বিরুদ্ধে ইউনূস হাইকোর্টে গেলেও তার বিপক্ষেই আদেশ হয়। আপিল বিভাগে গেলেও পক্ষে আদেশ পাননি তিনি। তবে আপিল বিভাগে আরো শুনানির আবেদন করেছেন তিনি। মে মাসের শুরুতে এর ওপর শুনানি হতে পারে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গ্রামীণ ব্যাংকের কর্মচারী সমিতির সভাপতি মো. সামশুল আলম বলেন, "বয়সের কারণে ড. ইউনূসকে এমডি পদে বহাল রাখা সম্ভব না হলে তাকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাচ্ছি।" এজন্য আগামী এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে ব্যাংকের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে একটি লিখিত আবেদন জমা দেওয়া হবে বলে জানান তিনি। সামশুল বলেন, "ব্যাংক থেকে বিভিন্ন ধরনের আর্থিক অনিয়ম ও অনৈতিক কার্যকলাপের কারণে চলে যাওয়া কোনো বির্তকিত ব্যক্তিকে এমডি পদে নিয়োগ দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না।" সাংবাদিকরা বিতর্কিত ব্যক্তির নাম জানতে চাইলে তা বলতে চাননি তিনি। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ছগীরুর রশীদ বলেন, "আমরা চাইলেও স্যার (ইউনূস) ব্যাংকের স্বার্থে ট্রেড ইউনিয়ন করতে দেননি।" কেন ট্রেড ইউনিয়ন করতে দেওয়া হয়নি জানতে চাইলে তিনি বলেন, "ট্রেড ইউনিয়ন থাকলে কর্মচারীরা 'অহেতুক' আন্দোলন কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকবে এতে ব্যাংকের কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হবে বলে তাই ইউনিয়ন গঠন করতে নিষেধ করেছিলেন।" সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মহসীন রেজা, সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৩৪৫ ঘ.