২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি সঙ্কট নিরসনে সবই করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে জ্বালানি সঙ্কট নিরসনে যা যা সম্ভব, তার সবই করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 07:12 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে জ্বালানি সঙ্কট নিরসনে যা যা সম্ভব, তার সবই করা হবে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাজপ্রম প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার সময় তিনি এ কথা বলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ। ইউরোপের অন্যতম প্রধান এ গ্যাস উত্তোলন ও সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশে গ্যাস খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করতে এগিয়ে এসেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গ্যাজপ্রমের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ভেলেরি গুলেভ। বৈঠকে বাংলাদেশের গ্যাস ও জ্বালানি খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান আবুল কালাম আজাদ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর, রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত সাইফুল হক, বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত গেন্নাদি পি ত্রতশেঙ্কো-ও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৩০০ ঘ.