ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে মেঘনা নদীতে শতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবেছে। এ পর্যন্ত তিনটি লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে রাজাপুর এলাকা সংলগ্ন নদীতে ডুবে থাকা একটি কার্গোর সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি উল্টে যায় বলে পুলিশ জানিয়েছে।
লঞ্চটি কিশোরঞ্জের ভৈরব থেকে সুনামগঞ্জের সাচনা যাচ্ছিলো। বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত তিন যাত্রীর লাশ খুঁজে পাওয়া গেছে। এদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে।
উদ্ধারকৃত লাশগুলোর মধ্যে একজনের পকেটে থাকা পরিচয়পত্র থেকে নাম জানা গেছে। তিনি হলেন শ্যামা দাস (৩৫)।
লঞ্চে থাকা কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অধিকাংশ যাত্রী লঞ্চের ভেতরে আটকা পড়ে বলে জানায় স্থানীয়রা। তবে ডুবুরির অভাবে এখনো উদ্ধার কাজ শুরু করা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জামিল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে ডুবুরি পাঠাতে বলা হয়েছে।
রাত ৪টার দিকে লঞ্চটি ডুবে যায় বলে জানান তিনি।
মেঘনা নদীর ওই এলাকায় দু-তিন দিন আগে একটি মালবাহী কার্গো ডুবে যায়। এটি উদ্ধার করা হয়নি। ডুবে থাকা কার্গোটিই এ দুর্ঘটনার কারণ বলে স্থানীয়রা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/০৯৪০ ঘ.
bdnews24