ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছোট ভাইয়ের বাসা ছেড়ে গুলশানে নিজের ভাড়া করা বাড়িতে উঠেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
বৃহস্পতিবার প্রথম প্রহরে বিএনপি চেয়ারপারসন নতুন বাড়িতে ওঠেন বলে তার প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
গুলশান-২ নম্বরের ৭৯ নম্বরে সড়কের ১ নম্বর বাড়িটি রাশিয়ান দূতাবাসের উল্টো দিকে। এক বিঘা জমির ওপর নির্মিত দ্বিতল এ বাড়ি থেকে পাকিস্তান দূতাবাস কাছেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ রাত ১টা ২০ মিনিটে খালেদা জিয়াকে ওই বাড়িতে গাড়ি নিয়ে ঢুকতে দেখেন।
খালেদা ওঠার আগেই বাড়িটি সংস্কার করে আসবাবপত্র দিয়ে সাজানো হয়। আর গত কয়েকদিনে বাড়ি সাজানো সরাসরি তত্ত্বাবধান করতেও তাকে দেখা গেছে।
বাড়ির সামনে-পেছনে রয়েছে ফুলের বাগান। বিরোধীদলীয় নেতার নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১০ জন পুলিশ কনস্টেবলও নিয়োগ দিয়েছে।
গত বছরের ১৩ নভেম্বর সেনানিবাসের বাড়িছাড়া হওয়ার পর খালেদা গুলশানে ছোট ভাই শামীম এস্কান্দারের অ্যাপার্টমেন্টে উঠেছিলেন।
নতুন যে বাড়িতে খালেদা উঠেছেন, তার মালিক সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কামরুল ইসলামের ছেলে তানভীর ইসলাম। কামরুলের মা ফিরোজা ইসলামের নামে এ বাড়িটির নাম- 'ফিরোজা'।
সাবেক সংসদ সদস্য কামরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাড়িটি খালি ছিলো। ম্যাডাম চেয়েছেন বলে তা ভাড়া দেওয়া হয়েছে।"
স্বামী জিয়াউর রহমানের সঙ্গে ১৯৭২ সালে সেনানিবাসে মইনুল সড়কের বাড়িতে ওঠেন খালেদা। জিয়ার মৃত্যুর পর সরকারের কাছ থেকে বরাদ্দ নিয়ে ওই বাড়িতেই ছিলেন তিনি।
তবে বর্তমান সরকার বরাদ্দ বাতিলের পর তা নিয়ে আইনি লড়াই চালিয়েও ব্যর্থ হয়ে গত বছর বাড়ি ছাড়তে হয় খালেদাকে।
খালেদার দুই ছেলে তারেক ও আরাফাত এখন বিদেশে রয়েছেন। তাদের বিরুদ্ধে মুদ্রা পাচারসহ নানা অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/০৯৩০ ঘ.
bdnews24