২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে সেতু ভেঙে অর্ধশতাধিক দর্শনার্থী আহত

মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর বাজারে একটি ক্ষতিগ্রস্ত সেতু ভেঙে বৈশাখী মেলায় আসা অর্ধশতাধিক দর্শনার্থী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 05:50 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

মাদারীপুর, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর বাজারে একটি ক্ষতিগ্রস্ত সেতু ভেঙে বৈশাখী মেলায় আসা অর্ধশতাধিক দর্শনার্থী আহত হয়েছে। বুধবার বিকেল ৬টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মিন্টু বৈদ্য জানান, সেতু ভেঙে আহত বিধান ঢালী (৩০), নলিনী বিশ্বাস (৫০), মিনাক্ষী মণ্ডল (৩০), লাকী তালুকদার (১৬), সৌহৃন শিকদার (৮), রিপন হালদার (২৮), মিহির রায় (১২), দিবা (১০), বীরেন বাড়ৈ (৪০), মনতোষ বাড়ৈকে (৭৫) কালকিনি ও মাদারীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় সোহাগ বিশ্বাসকে বরিশাল মেডিক্যাল হাসপাতাল এবং নন্দ রায়কে ফরিদপুর মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী শশিকর গ্রামের সজল সরকার জানান, নবগ্রাম ইউনিয়নের শশিকরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলায় হাজার হাজার দর্শনার্থীর আগমন ঘটে। মেলার মাঠে আসা যাওয়ার জন্য শশিকর বাজারের উত্তরপাড়ের একটি সেতু পাড় হতে হয়। ৭৫ ফুট দীর্ঘ সেতুটি দীর্ঘদিন যাবত ক্ষতিগ্রস্ত ছিল। মেলায় যাওয়া-আসার পথে শতাধিক দর্শনার্থী নিয়ে হঠাৎ ব্রীজটি খালের মধ্যে ভেঙ্গে পড়ে। নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ভূপেন্দ্রনাথ বাড়ৈ বলেন, দীর্ঘদিন ধরে অসংখ্য মানুষের যাতায়াতের জন্য ব্যবহৃত ভাঙাচোরা এই সেতু মেরামতে ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানালেও কাজ হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩৫২ ঘ.