২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় নদীভাঙন রোধের দাবিতে ধর্মঘট বৃহস্পতিবার

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ১৩৭ কোটি টাকার নদীভাঙন প্রতিরোধের প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় বৃহস্পতিবার সেখানে সকাল-সন্ধ্যা ধর্মঘট ডেকেছে ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 05:50 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

গাইবান্ধা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাঘাটা উপজেলায় ১৩৭ কোটি টাকার নদীভাঙন প্রতিরোধের প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় বৃহস্পতিবার সেখানে সকাল-সন্ধ্যা ধর্মঘট ডেকেছে ব্যবসায়ীরা। এছাড়া সাঘাটা সর্বদলীয় ঐক্য পরিষদ বৃহস্পতিবার গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ঘেরাও ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে। যে কোনো মুহূর্তে যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কা করছে এলাকাবাসী। নদীভাঙন প্রতিরোধ সর্বদলীয় ঐক্য পরিষদ সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা বাজার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার দাবিতে লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে। তারা গত এক সপ্তাহ থেকে মাবনবন্ধন, স্বেচ্ছাশ্রমে ভাঙন ঠেকানোর চেষ্টা, বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে। ঐক্য পরিষদ বৃহস্পতিবার জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেবে। সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ. রউফ মিয়া জানান, ভাঙন প্রতিরোধে কাজ বাস্তবায়নে টেন্ডার হলেও কী কারণে তা বাস্তবায়ন হচ্ছে না তা কেউ জানেন না। অথচ যে কোনো মুহূর্তে থানা সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাধ ভেঙে সাঘাটায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ ব্যাপারে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মীর মোশারোফ হোসেনের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩৪৬ ঘ.