হবিগঞ্জ, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের নন্দনপুরে ফুটবল খেলায় হলুদ কার্ড দেখানোকে কেন্দ্র করে দুদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে।
নিহত আব্দুল মালেক (৬০) সদর উপজেলার সুলতানসি গ্রামের মৃত জহির উল্লাহর ছেলে।
সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১০ জন। আহতদের বাহুবল ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাহুবল উপজেলার নন্দনপুরে ফুটবল খেলায় হলুদ কার্ড দেখানোকে কেন্দ্র করে দু'দল সমর্থকের মধ্যে সংঘর্ষে
বুধবার বিকেলে বাহুবল উপজেলার নন্দনপুর কৈলাশপাড়া মাঠে ফুটবল খেলার সময় এ ঘটনা ঘটে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, হবিগঞ্জ সদর উপজেলার সুলতানসি গ্রামের সুলতানসি একাদশের সঙ্গে বাহুবল উপজেলার নন্দনপুর গ্রামের নন্দনপুর ক্রীড়াচক্রের মধ্যে ফুটবল খেলা শুরু হয় নন্দনপুর কৈলাশপাড়া মাঠে। খেলার এক পর্যায়ে এক খেলোয়াড় অন্য এক খেলোয়াড়কে ফাউল করায় রেফারি হলুদ কার্ড দেখান।
"এ সিদ্ধান্ত প্রতিপক্ষের দর্শকরা মেনে নিতে না পারায় কথাকাটাকাটির এক পর্যায়ে ঝগড়া শুরু হয়। বিষয়টি নিয়ে নন্দনপুর ও সুলতানসি গ্রামের দর্শকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান আব্দুল মালেক।"
পুলিশ গিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি। রাত ৯টার দিকে সেখান পুলিশ প্রত্যাহার হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২২০ ঘ.
bdnews24