ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগের গণকটুলী লেনে এক ব্যবসায়ীর বাসা থেকে বুধবার দিনেদুপুরে প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও লক্ষাধিক টাকা চুরি হয়েছে।
গৃহকর্তা নুরুজ্জামান রঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বাসা ৩৮/৫ গণকটুলী লেনের ৪র্থ তলায়। স্ত্রী ডলি বেগম সকাল ১১টায় বিডিআর স্কুলে ছেলে তসীবকে নিয়ে গিয়ে ৩টার দিকে ফিরে দেখেন দরজার তালা ভাঙা আর বাসার সবকিছু এলোমেলো।
চোরেরা দরজার তালা ভেঙ্গে কমপক্ষে ৩০ ভরি স্বর্ণালঙ্কার, ৮০ হাজার টাকা ও একটি ক্যামেরা নিয়ে গেছে বলে দাবি করেন তিনি।
চুরির সময় পাশের ফ্ল্যাটের বাহির দিক থেকে ছিটকিনি লাগিয়ে দেওয়ায় তারা বের হতে পারেননি।
নুরুজ্জামান পুরান ঢাকার জিন্দাবাহারে ছাপাখানা ব্যবসায়ী।
হাজারীবাগ থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চুরির অভিযোগ একটি মামলা হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম।
তবে ওই বাসায় এই পরিমাণ স্বর্ণালঙ্কার থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০১২ ঘ.
bdnews24