ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতিকে 'চান্স মোহাম্মদ' বলে অভিহিত করার অভিযোগে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির একটি মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান।
বুধবার ঢাকার মহানগর হাকিম আদালতের বিচারক মোস্তফা শাহরিয়ার খান এ আদেশ দেন।
একই মামলায় দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন ও প্রকাশক শামসুল হুদাকেও জামিন দিয়েছে আদালত।
জাতীয় কোরআন শিক্ষা মিশনের সভাপতি ও আওয়ামী ওলামা লীগের জ্যৈষ্ঠ সহসভাপতি মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিকর দায়ের করা এ মামলায় সাপ্তাহিক মৌচাকে ঢিলের সম্পাদক ও প্রকাশক শফিক রেহমানসহ অপর দুই জনকে বুধবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিলো।
'চান্স এডিটর নয়, চান্স চিফ এডভাইজর' শিরোনামে নয়াদিগন্তে ২৫ ফেব্র"য়ারি প্রকাশিত একটি কলামে প্রধান বিচারপতিকে 'চান্স মোহাম্মদ' বলে উল্লেখ করেন শফিক রেহমান।
পরে ৬ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, শফিক রেহমান ওই কলামে প্রধান বিচারপতিকে 'চান্স মোহাম্মদ' বলে অভিহিত করে ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন ও মানহানি করেছেন।
অভিযুক্তদের বিরুদ্ধে একই ঘটনায় আরো দু'টি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/এএল/১৮২১ ঘ.
bdnews24