২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'সংবিধান সংশোধনে মত নিতে হবে আদিবাসীদের'

আদিবাসীদের মতামত নিতে সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির প্রতি দাবি জানিয়েছেন আদিবাসী নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 10:02 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদিবাসীদের মতামত নিতে সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির প্রতি দাবি জানিয়েছেন আদিবাসী নেতারা। একই সঙ্গে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে সংবিধানে 'আদিবাসী' স্বীকৃতি দেওয়ারও আহ্বানও জানিয়েছেন তারা। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'সংবিধান সংশোধন : আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও এর প্রাসঙ্গিকতা' শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। পার্বত্য চট্টগ্রামের চাকমা সার্কেলের রাজা দেবাশীষ রায় বলেন, সংবিধানে আদিবাসীদের শুধু আদিবাসী হিসাবে স্বীকৃতি দিলেই হবে না। আদিবাসীদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আনুষাঙ্গিক বিষয়ও যুক্ত করতে হবে। আদিবাসীদের মতামত না নিয়ে সংবিধান সংশোধন করা হলে আদিবাসীদের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে না বলে মনে করেন বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দেবাশীষ। সংবিধানে সংশোধনের উদ্যোগের অংশ হিসেবে সংসদীয় একটি বিশেষ কমিটি বর্তমানে কাজ করছে। বিভিন্ন রাজনৈতিক দল ও আইন বিশেষজ্ঞদের মতামতও নিচ্ছে তারা। আলোচনা সভায় কলামিস্ট সৈয়দ আবুল মকসুদও সংবিধান সংশোধনে আদিবাসীদের মতামত নেওয়ার দাবি জানান। সভার আলোচনার সঙ্গে সহমত পোষণ করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনও। গারো জনগোষ্ঠীর এই নেতা বলেন, "সংশোধিত সংবিধানে আদিবাসীদের 'ক্ষুদ্র নৃ-গোষ্ঠী' হিসাবে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। আমরা পাঁচজন আদিবাসী সংসদ সদস্য বিশেষ কমিটির সঙ্গে দেখা করে আদিবাসীদের 'আদিবাসী' হিসাবে সংবিধানে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছি।" সংসদে আদিবাসীদের জন্য আসন বরাদ্দের দাবিও জানান প্রতিমন্ত্রী। কাপেং ফাউন্ডেশন ও আন্তর্জাতিক শ্রম সংস্থা আয়োজিত এই সভায় জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্র নাথ সরেণ বলেন, "আর কোনো আশ্বাস নয়। এবার সংবিধানে আদিবাসীদের 'আদিবাসী' হিসাবে স্বীকৃতি দিতে হবে।" তিনি সরকারের কাছে পার্বত্যাঞ্চলে মিশ্র পুলিশ বাহিনী গঠন এবং উন্নয়নের নামে আদিবাসীদের জমি দখল না করার দাবি জানান। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সারা হোসেন ও আন্তর্জাতিক শ্রম সংস্থার জাতীয় সমন্বয়ক অভিলাষ ত্রিপুরা। মূল প্রবন্ধ পড়ে শোনান বাংলাদেশ আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ চাকমা। সভায় দেশের আদিবাসীদের বিভিন্ন সংগঠনের নেতারাও বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমইউএস/এমআই/১৫৫০ ঘ.