২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসক হত্যা: বিএমএ'র ৩ দিনের কর্মসূচি

সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক বাকি মির্জা হত্যার প্রতিবাদে ৩ দিনের কর্মসূচি দিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 06:42 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

সিরাজগঞ্জ, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক বাকি মির্জা হত্যার প্রতিবাদে ৩ দিনের কর্মসূচি দিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন। মঙ্গলবার রাতে বিএমএ'র পক্ষ থেকে জেলা শহরে মাইকিং করে এই কর্মসূচির কথা জানানো হয়। গত শনিবার হামপাতাল ডরমিটরি থেকে পুলিশ মির্জার লাশ উদ্ধার করে। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা কমিটি কর্মসূচি পালন করবে বুধবার, বৃহস্পতিবার ও শনিবার। বুধবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত জেলার সব সরকারি হাসপাতালে কর্মবিরতি, বাদ জোহর সদর হাসপাতাল জামে মসজিদে মিলাদ মাহফিল। বৃহস্পতিবার সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ও স্বাস্থ্য সেবা কেন্দ্রসমূহে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি। শনিবার সব ওষুধের দোকানসহ সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ও স্বাস্থ্য সেবা কেন্দ্রসমূহে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি। এসব কর্মসূচির পাশাপাশি প্রতিদিন কর্মস্থলে কালোব্যাচ ধারণ, স্বাস্থ্য সেবা কার্যক্রম সংক্রান্ত প্রতিষ্ঠানের সামনে কালো পতাকা উত্তোলন করা হবে। শুক্রবার কোন কর্মসূচি রাখা হয়নি। বিএমএ সিরাজগঞ্জ কমিটির সভাপতি ডা. জহুরুল হক রাজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনদিনের কর্মসূচি চলাকালে সব স্বাস্থ্য সংক্রান্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জরুরি বিভাগগুলো খোলা থাকবে। জেলা সদরসহ ৯টি উপজেলায় একযোগে এ কর্মসূচি পালিত হবে, বলেন তিনি। ডা. মির্জার লাশ উদ্ধারের পর বিএমএ সিরাজগঞ্জ জেলা কমিটি রোববার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্বারকলিপি দিয়ে হত্যায় জড়িতদের গ্রেপ্তারের জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল। মঙ্গলবার সে সময়সীমা অতিক্রম করেছে। গত শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত হাসপাতালে দায়িত্ব পালন করে ডা. আব্দুল বাকি মির্জা ডরমিটরিতে যান। পরদিন দুপুর ৩টার দিকে নিজ কক্ষ থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। ওই ঘটনায় নিহতের ভাই আব্দুল লতিফ বাদী হয়ে ওইদিন অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেছেন। ওই মামলায় পুলিশ ইতোমধ্যে চিকিৎসকের দূর সম্পর্কের বোন ওয়াসীমা ওরফে এশাকে আটক দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার চারদিনের হেফাজতে নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৮ ঘ.