২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্যের নতুন ক্ষেত্র অনুসন্ধান করতে হবে: রাষ্ট্রপতি

বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিমুখী বাণিজ্য বৃদ্ধির জন্য ব্যবসার নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধানের ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 06:41 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিমুখী বাণিজ্য বৃদ্ধির জন্য ব্যবসার নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধানের ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের সঙ্গে বৈঠকে তিনি বলেন, দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের এই সফরের মধ্য দিয়ে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হলো। মাহিন্দা রাজাপাকসে পরে তার সম্মানে রাষ্ট্রপতির দেওয়া ভোজসভায় অংশ নেন। মঙ্গলবার রাতে এক তথ্য বিবরণিতে এ কথা জানানো হয়। রাষ্ট্রপতি বলেন, শ্রীলংকার প্রেসিডেন্টের এই সফরে দুই দেশের মধ্যে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে শ্রীলঙ্কা বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করে যাবে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় বিশ্ব জনমত সৃষ্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন রাজাপাকসে। অদূর ভবিষ্যতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে বলেও আশা প্রকাশ করে প্রেসিডেন্ট। তিনি রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে শ্রীলঙ্কা সফরের আমন্ত্রণ জানান। পরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা ও ফার্স্টলেডি সিরানথি রাজাপাকসে বঙ্গভবনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং তার সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাাসিনা, মন্ত্রী পরিষদের সদস্যরা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ ভোজসভায় উপস্থিত ছিলেন। তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার ঢাকা আসেন প্রেসিডেন্ট রাজাপাকসে। সেদিন বিকালেই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠক শেষে তাদের উপস্থিতিতে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক ও একটি চুক্তি সই হয়। বুধবার বিকেলে দেশের উদ্দেশে রওনা হওয়ার আগে বাংলাদেশে বসবাসরত শ্রীলঙ্কার নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন রাজাপাকসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/০০২৩ ঘ.