জয়পুরহাট, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুকুরের পানি ব্যবহার করে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অর্ধশতাধিক ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।
মহব্বতপুর দীঘিপাড়া গ্রামে গত দুই দিনে অন্তত ৬২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার সিভিল সার্জন ডা. মোজাম্মেল হক চিকিৎসক দল নিয়ে ওই গ্রামে গিয়ে আক্রান্তদের চিকিৎসা শুরু করেন। এজন্য ওই গ্রামে ক্যাম্প বসানো হয়। ক্যাম্পে পাঁচ সদস্যের মেডিক্যাল টিম সার্বক্ষণিক কাজ করছে।
গ্রামবাসীরা জানায়, গ্রামের পুকুরের পানি দিয়ে তারা গোসল ও রান্নাবান্নার কাজসহ নানা কাজে ব্যবহার করে। গত সোমবার থেকে দু'একটি পরিবারে ডায়রিয়া দেখা দেয়। পরবর্তী ২৪ ঘণ্টায় পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।
বিষয়টি জানার পর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ বকুল হাসপাতালে খবর দিলে চিকিৎসার এ উদ্যোগ নেওয়া হয়।
সিভিল সার্জন মোজাম্মেল হক বলেন, পুকুরের পানি ব্যবহারের কারণে গ্রামবাসী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দ্রুত চিকিৎসার উদ্যোগ নেওয়ায় বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
তবে সব রোগীকে সুস্থ করতে আরো কয়েকদিন লাগতে পারে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৬ ঘ.
bdnews24