ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক করতোয়ার সম্পাদকের দায়ের করা মূল্যবান কাগজ ও অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন দৈনিক আজকালের খবরের সম্পাদকসহ চার সাংবাদিক।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসর্মপণ করে জামিন চাইলে মহানগর হাকিম মিজানুর রহমান ২০ হাজার টাকার মুচলেকায় তাদের জামিন দেন।
জামিনপ্রাপ্তরা হলেন, আজকালের খবর পত্রিকার সম্পাদক ফারুক তালুকদার, মফস্বল সম্পাদক নুসরাত মোহাম্মদ সবুজ, প্রধান প্রতিবেদক সাব্বির মাহমুদ ও প্রতিবেদক মাইনুদ্দীন মিয়া নয়ন।
তাদের আইনজীবী ও তাদের পত্রিকাটির আদালত প্রতিবেদক আজাদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ২৯ সেপ্টেম্বরে করতোয়া পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা দায়ের করেন।
আরজিতে বলা হয়, অভিযুক্তরা ২০০৭ থেকে ২০০৯ সালের ২৭ জুলাই পর্যন্ত করতোয়ায় কর্মরত ছিলেন। তারা প্রতিষ্ঠানের কিছু মূল্যবান কাগজপত্র জমা না দিয়েই চাকরি ছেড়ে দেন। এ কারণে বাদির প্রতিষ্ঠানের ক্ষতি হয়। বাদি তাদের বিরুদ্ধে ৫০ লাখ টাকা আত্মসাতেরও অভিযোগ আনেন।
অভিযুক্তদের আইনজীবী আজাদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামিনপ্রাপ্ত সাংবাদিকরা তাদের পাওনা মজুরি চেয়ে শ্রম আদালতে মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করেছিলেন। এর পাল্টা ব্যবস্থা হিসেবে তিনি এই মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২৩১৩ ঘ.
bdnews24