পাবনা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় কালবৈশাখী ঝড়ে অন্তত ৩০ জন আহত ও ২০ টি গ্রামে তিন শতাধিক ঘরবাড়ি বিধস্ত হয়েছে।
এলাকাবাসী জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাঁথিয়া ও বেড়া উপজেলার পুণ্ডুরিয়া, করমজা, সাটিয়াকোলা, বয়া, আফড়া, বড়ইচড়া, চাকলা, বাঔটোলা, বাদালিয়া, নন্দনপুর, জোড়গাছা, বোয়ালিয়াসহ ২০টি গ্রামের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়।
ঝড়ে বিধ্বস্ত ঘরের নীচে চাপা পড়ে ৩০ জন আহত হয়। এদের মধ্যে নুরুল ইসলাম (৫০), লাল বানু (২৩), নয়ন (১০), মিজান (৪০) ও সাজু মোল্লাকে (৪২) বেড়া ও সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রাজ্জাক মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত কিছু এলাকা পরিদর্শণ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২২০ ঘ.
bdnews24