২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্ট রাজাপাকসের সঙ্গে খালেদার সাক্ষাৎ

সফররত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 01:20 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। বিকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের প্রেসিডেন্ট স্যুটে রাজাপাকসের সঙ্গে দেখা করেন বিএনপি চেয়ারপারসন। সাক্ষাতের পর দলের সহ-সভাপতি সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, দু'দেশের দ্বি-পাক্ষিক বিষয়াদি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। তবে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। তিনি বলেন, বাংলাদেশ সফরে আসার জন্য বিরোধী দলীয় নেতা শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অভিনন্দন জানান এবং তার মাধ্যম্যে সেদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরো জানান, সাক্ষাতকালে বিরোধী দলীয় নেতাকে মাহিন্দা রাজাপাকসে বলেন, "প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে শ্রীলঙ্কায় প্রথম বাংলাদেশের দূতাবাস স্থাপন করা হয়। এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক জোরদার হয়েছে।'' জবাবে খালেদা জিয়া বলেছেন, "শ্রীলঙ্কার সঙ্গে তার শাসনামলে সম্পর্ক জোরদার ছিলো, ভবিষ্যতেও থাকবে। বিরোধী দলীয় নেতাকে শ্রীলঙ্কা সফরের আমন্ত্রণও জানান রাজাপাকসে। এক প্রশ্নের জবাবে শমসের মবিন জানান, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেছেন, "বাংলাদেশের উদ্যোগে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা ফোরাম-সার্ক গঠিত হয়েছে। এই সংস্থার অগ্রগতিতে শ্রীলঙ্কা ভূমিকা রেখেছে। ভবিষ্যতে এই ভূমিকা আরো গতিশীল হবে।'' সাক্ষাতের সময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহসভাপতি শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। তিন দিনের রাষ্ট্রীয় সফরে প্রেসিডেন্ট রাজাপাকসে সোমবার ঢাকা আসেন। সেদিন বিকালেই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রেসিডেন্ট রাজাপাকসের উপস্থিতিতে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়। বুধবার বিকেলে দেশের উদ্দেশে রওনা হওয়ার আগে বাংলাদেশে বসবাসরত শ্রীলঙ্কার নাগরিকদের সঙ্গেও সাক্ষাৎ করবেন রাজাপাকসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯১২ ঘ.