২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনভূমি: সরকারি হিসেবেই ভরসা নেই অর্থমন্ত্রীর

সরকারি হিসেবে দেশে বনভূমির পরিমাণ ১৭ শতাংশ বলা হলেও তাতে আস্থা রাখতে পারছেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 10:32 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি হিসেবে দেশে বনভূমির পরিমাণ ১৭ শতাংশ বলা হলেও তাতে আস্থা রাখতে পারছেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার হোটেল শেরাটনে 'দ্য ফার্স্ট বাংলাদেশ ফরেস্ট্রি কংগ্রেস'র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "সরকারি হিসাবে দেশে মোট বনভূমির পরিমাণ ১৭ শতাংশ বলা হলেও আসলে মোট বনভূমির পরিমাণ হবে ৯ শতাংশ।" বন বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানের মূল প্রবন্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. আব্দুর রহমান জানান, দেশের মোট জমির ১৭ শতাংশ বনভূমি রয়েছে। এরপর বক্তব্য দিতে উঠে অর্থমন্ত্রী তার দ্বিমত তুলে ধরেন। তবে অনুষ্ঠান শেষে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ অর্থমন্ত্রীর বক্তব্যের একটি ব্যাখ্যা দিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, "অর্থমন্ত্রী হয়তো সংরক্ষিত বনের হিসাবে ৯ শতাংশের কথা বলেছেন। আমরা সামগ্রিক হিসাবে ১৭ শতাংশের কথা বলি। যেমন সামাজিক বনায়ন, রাস্তার পাশে গাছ, ব্যক্তি উদ্যোগে লাগানো গাছ ইত্যাদি।" বক্তব্যে অবশ্য সামাজিক বনায়নকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন মুহিত। তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধির কারণে বনাঞ্চল কমে যাওয়ায় সামাজিক বনায়নের ওপর আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। টেকসই উন্নয়নের জন্য বনাঞ্চলের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রতিটি গ্রামে একটি করে সামাজিক উদ্ভিদ উদ্যান (উড জোন) করার পরামর্শও দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএ/১৬৩০ ঘ.