২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমন্ত্রিতদের তালিকা হয়েছে, জামায়াত নেই

সংবিধান সংশোধন নিয়ে কাদের সঙ্গে আলোচনা হবে সেই তালিকা চূড়ান্ত করেছে এ সংক্রান্ত সংসদীয় কমিটি। তালিকায় জামায়াতে ইসলামিকে রাখা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 09:11 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধন নিয়ে কাদের সঙ্গে আলোচনা হবে সেই তালিকা চূড়ান্ত করেছে এ সংক্রান্ত সংসদীয় কমিটি। তালিকায় জামায়াতে ইসলামিকে রাখা হয়নি। সময়দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার দিন ঠিক করেছে এ সংক্রান্ত সংসদীয় কমিটি। ২৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এ আলোচনায় বিএনপির জন্য সময় রাখা হলেও জামায়াতে ইসলামীকে ডাকা হচ্ছে না। সংসদ ভবনে মঙ্গলবার সংসদীয় কমিটির বৈঠকের পর কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনায় সময়সূচি এবং বিশিষ্ট জনের তালিকা নির্ধারণ করা হয়েছে। "এ তালিকায় জামায়াত ইসলামিকে রাখা হয়নি।" ২৪ এপ্রিল সংবিধান বিশেষজ্ঞ, ও সাবেক প্রধান বিচারপতিদের সঙ্গে বৈঠক করবে কমিটি। ২৫ এপ্রিল বিএনপিসহ অন্য দল এবং ২৬ এপ্রিল আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করবে কমিটি। বুধবারের মধ্যে কমিটির চেয়ারম্যান সাজেদা চৌধুরীর পক্ষ থেকে পৃথকভাবে সংশ্লিষ্টদের কাছে আলোচনায় অংশ নেওয়ার চিঠি পাঠানো হবে বলে জানান সুরঞ্জিত। কাদের সঙ্গে আলোচনা আমন্ত্রিতদের তালিকায় সাবেক প্রধান বিচারপতিদের মধ্যে রয়েছেন- কামাল উদ্দিন হোসেন, মোস্তফা কামাল, মুহাম্মদ হাবিবুর রহমান, তোফাজ্জল হোসেন ও ফজলুল করিম। সংবিধান বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের তালিকায় রয়েছেন- ড. কামাল হোসেন, টিএইচ খান, ব্যরিস্টার রোকন উদ্দিন মাহমুদ, আমির উল ইসলাম। ২৪-২৫ এপ্রিল সকালে ও বিকালে দুই পর্বে সংসদ ভবনে সংশ্লিষ্টদের মতামত নেবে কমিটি। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "২৫ এপ্রিল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং প্রতিনিধিত্বশীল দলের পক্ষে বিশেষ করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমেদের মতামত জানতে আমন্ত্রণ দেওয়া হবে।" তবে যুদ্ধপরাধে অভিযুক্ত জামায়াত নেতাদের মামলা আদালতে বিচারাধীন থাকায় তাদের বৈঠকে না ডাকার সিদ্ধান্ত নেয় কমিটি। "জামায়াতকে নিয়ে আমাদের কিছু রিজার্ভেশন আছে। এ মুহূর্তে তাদের ডাকতে চাচ্ছি না।" শেষ দিনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মতামত নেবে বিশেষ কমিটি। চলতি মাসে টানা তিনদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংবিধান সংশোধনে বিশেষ কমিটির বৈঠকের পর বিরোধীদলীয় নেতাসহ আইনজ্ঞ ও বিশিষ্ট জনের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়। গত বছরের ২১ জুলাই সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান ও সুরঞ্জিতকে কো-চেয়ারম্যান করে গঠিত হয় সংসদে এ বিশেষ কমিটি গঠ করা হয়। বিএনপি নিজেদের এ কমিটিতে অন্তর্ভুক্ত করেনি। তবে বিভিন্ন জনসভায় বিএনপি নেতারা বলে আসছেন, আওয়ামী লীগ ক্ষমতা 'চিরস্থায়ী' করতে সংবিধান সংশোধন করতে চাইছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/পিডি/১৯১৩ ঘ.