তাবারুল হক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চবি প্রতিনিধি
চট্টগ্রাম, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসকের অবহেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যুর অভিযোগ করেছেন তার শিক্ষক ও পরিবারের সদস্যরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তির তিনঘণ্টা পর চিকিৎসকের দেখা পান নেয়ামতের স্বজনরা।
পরিবারের সদস্য, সহপাঠী ও শিক্ষকরা বলছেন- দুর্ঘটনায় নয় মানুষের অমানবিক আচরণের কারণে নেয়ামতের মৃত্যু হয়েছে।
চিকিৎসকের অবহেলার প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর প্রেস ক্লাবের সামনে চবি শিক্ষক-শিক্ষার্থীরা এবং টাইগারপাস মোড়ে নিহতের স্বজন, বন্দর থানা ছাত্রলীগ ও 'আমরা মুক্তিযুদ্ধের সন্তান' নামের সংগঠন যৌথভাবে পৃথক দুটি মানববন্ধনের আয়োজন করেছে।
গত বুধবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে তিনটায় নগরীরর টাইগারপাস মোড়ে সিটি সার্ভিসের একটি বাস উল্টে নিহত হন বন্দর থানাধীন হাজীপাড়া এলাকার আলমগীর মিঞা (৪০)।
আহত হন চবি দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নেয়ামত উল্লাহ পাটোয়ারী রতনসহ মোট ১০ জন।
প্রায় এক ঘণ্টা পর নেয়ামত উল্লাহকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডের ৬০ নম্বর বেডে ভর্তি করা হয়েছিল। রাত সাড়ে নয়টার দিকে তিনি মারা যান।
তিনঘণ্টা পর চিকিৎসক এলেন
নিহতের ছোটভাই বরকত উল্লাহ পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চমেক হাসপাতালে ভর্তি করানোর প্রায় তিনঘণ্টা পরও কোনো চিকিৎসক আসেননি।
"রাত ৮টার দিকে এক চিকিৎসক এসে কয়েকটি ওষুধ কিনে আনতে বলেন। এর কিছুক্ষণ পরই চিকিৎসক জানান ভাইয়া মারা গেছেন," বলেন বরকত।
ওইদিনের ঘটনার বর্ণনা দিয়ে বরকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাইয়া ব্যথায় কাতরাতে থাকলে কর্তব্যরত চিকিৎসককে অনুরোধ করলে তিনি 'গেট আউট' বলে তাকে কক্ষ থেকে করে দেন।
এ বিষয়ে চবি দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক ড. এম. শফিকুল আলম কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নেয়ামত আহত হয়েছে শুনে চমেক হাসপাতালে ছুটে এসে দেখি সে মারা গেছে।"
তার মুখে ও পায়ে আঘাত লেগেছিল, তবে যথাসময়ে চিকিৎসা পেলে এ আঘাতে মৃত্যু হওয়ার কথা নয়, বলেন তিনি।
চাঁদপুর জেলার কচুয়া উজেলার আইনপুর গ্রামের প্রয়াত মুক্তিযুদ্ধা মো. শহীদের পাঁচ ছেলে ও এক মেয়ের মধ্যে দ্বিতীয় ছিলেন নেয়ামত উল্লাহ। নয় বছর আগে তার বাবা মারা যান।
নেয়ামতের পরিবার পোর্ট কলোনির সাত নম্বর সড়কে ২১৪/এ নম্বর বাসায় বসবাস করেন।
লেখাপড়ার পাশাপাশি সংসারের অভাব মেটাতে নেয়ামত একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে দুইটি সিএনজি অটোরিকশা কিনেছিলেন এবং সংসারের আর্থিক দিকটি তিনি দেখাশোনা করতেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।
দুর্ঘটনার প্রায় একঘন্টা পর দুই পথচারী আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
দুই পথচারীর একজন সরকারি সিটি কলেজের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম মিন্টু গত বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, ঘটনার প্রায় ৪৫ মিনিট পরও কোনো পুলিশ বা পথচারী আহতদের উদ্ধারে এগিয়ে আসেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/ডিডি/০০৪৬ ঘ.
bdnews24